ছাত্র ভিসা নিয়ে
পাকিস্তানে যায় আদিল
শ্রীনগর, ২৬ এপ্রিল: পহেলগামের জঙ্গি হামলার পরে হাতে আঁকা তিন জঙ্গির ছবি প্রকাশ্যে এনেছিল তদন্তকারীরা। তাদের মধ্যে এক জন জম্মু-কাশ্মীরেরই বাসিন্দা, নাম আদিল আহমেদ ঠোকর। তদন্তকারীদের মতে, এই আদিলই ছিল ২২ এপ্রিলের জঙ্গি হামলার অন্যতম চক্রী।
অনন্তনাগ জেলার বিজবেহারার গুরে গ্রামের বাসিন্দা আদিল আহমেদ ঠোকর। ২০১৮ সালে ছাত্র ভিসা নিয়ে পাকিস্তানে পাড়ি দেয় আদিল। কিন্তু সেখান থেকে নিখোঁজ হয়ে যায় সে। আদিল পরিবারের সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। প্রায় আট মাস ধরে তার উপস্থিতির কোনও চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। ওই সময়ে অনলাইনে নজরদারি চালালেও আদিলের খোঁজ পাননি গোয়েন্দারা। গোয়েন্দাদের মতে, ওই সময়ে ঠোকর জঙ্গি কার্যকলাপের প্রশিক্ষণ নিচ্ছিল। সূত্রের খবর, ভারত ছাড়ার আগেই সীমান্তের ওপারে বিভিন্ন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেছিল ওই যুবক।
গোয়েন্দারা জানাচ্ছেন, ঠোকর ২০২৪ সালের অক্টোবরে দুর্গম পুঞ্চ-রাজৌরি সেক্টরের নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারতে প্রবেশ করে। তবে সে একা ছিল না। সঙ্গে তিন থেকে চার জনের একটি ছোট দল ছিল। এই দলে পাকিস্তানি নাগরিকও ছিল, নাম হাশিম মুসা ওরফে সুলেমান। এই মুসাই বৈসরনের জঙ্গি হামলার আরও এক প্রধান অভিযুক্ত। কাশ্মীরে পৌঁছে বেশ কিছু দিন আত্মগোপন করে থাকলেও এর পরে কখনও রাজৌরি-পুঞ্চ বা কখনও ডোডা-কিশতওয়ারের মতো এলাকায় দেখা মেলে আদিলের। গোয়েন্দা সূত্রের খবর, হিজ়বুল মুজাহিদিন ও লস্করের ছায়া সংগঠন টিআরএফের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছিল আদিল। বৈসরনে জঙ্গি হামলার দায় স্বীকার করেছে টিআরএফ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২২ এপ্রিলের জঙ্গি হামলার সময়ে আদিলকে গুলি চালাতে দেখা যায়। হামলার পরে জঙ্গিরা পাহাড়ের দিকে পালিয়ে যায়।
সংবাদ সংস্থা