নিট-সতর্কতা
}} গত বছর প্রশ্ন ফাঁস নিয়ে বিস্তর শোরগোল হয়েছিল মেডিক্যাল প্রবেশিকা নিট-কে ঘিরে। এ বার সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ)-র তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল সন্দেহজনক কিছু নজরে এলেই পরীক্ষার্থীরা যাতে জানাতে পারেন, তার জন্য এনটিএ ওয়েবসাইটে আলাদা করে জায়গা রাখা হচ্ছে। কোনও সাইট বা সমাজমাধ্যমে নিট প্রশ্নপত্র মেলার দাবি উঠলে, কোনও ব্যক্তি প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার দাবি করলে বা নিজেদের এনটিএ আধিকারিক বলে পরিচয় দিলে দ্রুত জানাতে বলা হয়েছে। ৪ মে, বিকেল পাঁচটা অবধি এ ধরনের অভিযোগ জানানো যাবে।
অসহযোগী রানা
}} ২৬/১১-এ মুম্বইয়ে জঙ্গি হানার মূল চক্রী তাহাউর হুসেন রানা এখন ভারতের হাতে। এনআইয়ের হেফাজতে জেরা চলছে তার। তাকে জেরা করতে সম্প্রতি দিল্লি পৌঁছয় মুম্বই পুলিশের
অপরাধ দমন শাখার একটি বিশেষ দলও। টানা প্রায় আট ঘণ্টা ধরে চলে জেরা। তবে তদন্তে আদৌ সহযোগিতা করছেন না রানা, দাবি ওই দলের। বিভিন্ন প্রশ্নের সোজাসুজি উত্তর দিচ্ছেন না তিনি, জানিয়েছেন তদন্তকারীরা।
বিপাকে অভিনেত্রী
}} সোনা পাচারের অভিযোগে ধৃত কন্নড় অভিনেত্রী রান্যা রাওয়ের বিরুদ্ধে চোরাকারবার বিরোধী আইনের অধীনে মামলা রুজু হয়েছে। ‘ডিরেক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স’-এর অনুমোদনক্রমে সেন্ট্রাল ইকোনমিক ইন্টেলিজেন্স ব্যুরো ওই পদক্ষেপ করেছে। এর ফলে আগামী এক বছরের জন্য জামিন পাবেন না রান্যা। গত ৩ মার্চ প্রায় ১৪ কেজি সোনা পাচারের অভিযোগে ওই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়। আরও দুই অভিযুক্ত-সহ রান্যা বর্তমানে বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলে বন্দি।
এএসআই-রিপোর্ট
}} অতিমারির পর থেকে ভারতের হেরিটেজ স্থানগুলিতে দেশি-বিদেশি দর্শনার্থীর সংখ্যা বেড়েছে, কিন্তু টিকিট বিক্রি করে যে আর্থিক লাভ হয়, তা কমেছে। এমনই একটি রিপোর্ট প্রকাশ হল। ১৪৩টি স্মৃতিসৌধ পর্যবেক্ষণ করে সম্প্রতি ভারতীয় পুরাতত্ত্ব পরিষদ (আর্কিয়োলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া বা এএসআই) তাদের সমীক্ষা রিপোর্টটি রাজ্যসভার সামনে পেশ করেছে।