জামতাড়া-যোগে ধৃত
}} স্থানীয় পুলিশের সাহায্যে জামতাড়া গ্যাং-এর তিন সদস্যকে বর্ধমান শহরের শরিফনগর থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।
ধৃত রবি মণ্ডল, রমেশ মণ্ডল ও মহেন্দ্র কুমার মণ্ডলের বাড়ি ঝাড়খণ্ডে। তাঁদের থেকে উদ্ধার হয়েছে দু’টি ল্যাপটপ, আটটি মোবাইল, ২৬টি সিমকার্ড ও নগদ প্রায় ৪০ হাজার টাকা, দাবি পুলিশের। ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮ (৪) ও ৩১৯ (২) ধারায় মামলা রুজু করে ধৃতদের ট্রানজ়িট রিমান্ড-এ দিল্লি নিয়ে যাওয়ার জন্য শুক্রবার বর্ধমান আদালতে আবেদন করে পুলিশ।
জেল হেফাজত
}} জঙ্গি কার্যকলাপে যুক্ত সন্দেহে রাজ্য পুলিশের এসটিএফের হাতে ধৃত তিন জনের জেল হেফাজতের নির্দেশ দিল রামপুরহাট আদালত। অভিযুক্ত বীরভূমের দুই এবং দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দাকে শুক্রবার রামপুরহাট এসিজেএম আদালতে হাজির করানো হলে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। গত ৮ মে রাতে বীরভূমের নলহাটি থানার চণ্ডীপুর ও মুরারই থানার চাতরা থেকে যথাক্রমে আজমল হোসেন ও সাহেব আলি খানকে গ্রেফতার করে এসটিএফ।