নির্বাচনের আগে বাংলায়
সফর শুরু মোদী-শাহের
নিজস্ব সংবাদদাতা
রাজ্যে বিধানসভা ভোটের আর এক বছরও বাকি নেই। তার আগে ‘অপারেশন সিঁদুর’কে সামনে রেখে দলের ‘তিরঙ্গা যাত্রা’ কর্মসূচির মাধ্যমে জাতীয়তাবাদী আবেগকে নিজেদের পক্ষে আনতে এবং মুর্শিদাবাদ-মালদহের অশান্তির প্রেক্ষিতে হিন্দু ভোট এককাট্টা করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাজ্য বিজেপি। এই আবহে ২৯ মে প্রধানমন্ত্রী এবং তার দু’দিনের ব্যবধানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গ-সফরে আসতে পারেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, দলের প্রধান দুই মুখকে রাজ্যে এনে বিধানসভা ভোটের প্রচারই শুরু করে দিতে চাইছে বিজেপি।
সব ঠিক থাকলে ২৯ মে আলিপুরদুয়ারে সভা করার কথা মোদীর। এর আগে কিছু প্রকল্পের উদ্বোধনও করতে পারেন তিনি। বিজেপি সূত্রে খবর, মোদীর সফরের পরেই ৩১ মে রাতে কলকাতায় আসতে পারেন শাহ। পরের দিন বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিতে পারেন। দুপুরে সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এখনও তাঁর সফরসূচি চূড়ান্ত হয়নি। যে মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে চূড়ান্ত সূচি পাঠানো হবে, জানানো হবে।”
মোদী-শাহের সম্ভাব্য বঙ্গ-সফরকে ভোট অঙ্কেই দেখতে চাইছে শাসক দল তৃণমূলও। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, “নির্বাচনের আলোচনা শুরু হলেই ওঁরা দৈনিক যাতায়াত শুরু করেন। বাংলার মানুষ ওঁদের প্রত্যাখ্যান করেছেন। বাংলাকে ভালবেসে এলে, খালি হাতে শুধু সংলাপ নিয়ে আসবেন না। বাংলার বকেয়া টাকা সঙ্গে করে আনবেন! তবেই বুঝব আপনারা বাংলাকে সম্মান করেন।”