নিশানা করে
পাকিস্তানের গোলা, দাবি ডেরেকদের
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি, ২৩ মে: উচ্চ প্রযুক্তি ব্যবহার করে, স্থির নিশানা রেখে জম্মু ও কাশ্মীর সীমান্তের এ-পারে গোলা ছুড়েছিল পাকিস্তান। গত কাল পুঞ্চের পরে আজ রাজৌরি গিয়ে হতাহতদের বাড়ি ও হাসপাতাল ঘুরে দেখে এমনটাই মনে করছে তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের নেতৃত্বাধীন পাঁচ জনের প্রতিনিধিদল।
ডেরেক বলেন, “যে ভাবে গোলা ছোড়া হয়েছে তাতে স্পষ্ট, গির্জা, স্কুল, প্রাক্তন জওয়ানের বাড়িতে নিশানা স্থির করে আক্রমণ শানানো হয়েছে। আজ আমরা রাজৌরির জিএসএম হাসপাতালে গিয়েছিলাম। সেখানে ইমতিয়াজ আলির সঙ্গে দেখা করেছি, যিনি বাঁ হাত হারিয়েছেন। ১৪ বছরের রাফিয়ার সঙ্গে দেখা করে আমরা সাহস জুগিয়েছি। পাক হামলায় তার পা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হাসপাতালে হামলার পরে আনা হয় ২৬ জনকে, যাঁদের মধ্যে তিন জনকে মৃত ঘোষণা করা হয়।” প্রতিনিধিদলের অন্যতম সদস্য মানস ভুঁইয়ার কথায়, “মর্মান্তিক সব ঘটনা দেখছি। সীমান্ত ছাড়িয়ে শহরের মধ্যেও হামলা চালানো হয়েছে। সুপরিকল্পিত এই আক্রমণ।”
আজই জম্মু হয়ে দিল্লি ফিরেছে তৃণমূলের এই প্রতিনিধিদল। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা জানান, “আগামিকাল রাহুল গান্ধী আসবেন পুঞ্চের মানুষের সঙ্গে কথা বলতে। তৃণমূলের কাছে আমি কৃতজ্ঞ। তারা নাশকতার পরে কাশ্মীরে আসার উদ্যোগ প্রথম শুরু করেছে। তাদের পাঁচ সদস্য এসে সড়কপথে ঘুরেছেন। এই কঠিন সময়ে আমাদের পাশে কিছু মানুষ দাঁড়াচ্ছেন। জনতার ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব, যত বেশি সম্ভব মানুষের কাছে গিয়ে তাঁদের অভাব-অভিযোগ শোনা।”