রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প পথের পরিকল্পনা
নিজস্ব সংবাদদাতা
বিদ্যাসাগর সেতুর কেব্ল, বেয়ারিংয়ের মেরামতি এবং কোনা এক্সপ্রেসওয়ের এলিভেটেড করিডরের কাজের জন্য আগামী রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু দিয়ে যান চলাচল। ওই সময়ে কোনও গাড়ি বিদ্যাসাগর সেতু ধরে কলকাতার দিকে আসতে বা হাওড়ার দিকে যেতে পারবে না। ছোট গাড়ির জন্য বিদ্যাসাগর সেতু রবিবার ভোর থেকে বন্ধ হলেও ভারী পণ্যবাহী গাড়ির চলাচল বন্ধ হবে আগের দিন, শনিবার রাত ৯টা থেকে।
লালবাজার জানিয়েছে, সেতু বন্ধ থাকাকালীন ছোট গাড়ি হাওড়া সেতু দিয়ে চলবে। যে সব যাত্রিবাহী গাড়ি আলিপুরের দিক থেকে এসে বিদ্যাসাগর সেতু ধরত, সেগুলিকে এ জে সি বসু রোডের টার্ফ ভিউ থেকে হেস্টিংস মোড় হয়ে স্ট্র্যান্ড রোড দিয়ে হাওড়া সেতুতে পাঠানো হবে। আবার খিদিরপুর বা বন্দরের দিক থেকে আসা ছোট গাড়ি খিদিরপুরের ফার্লং গেট থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া সেতুতে যাবে। বিদ্যাসাগর সেতু দিয়ে চলা যাত্রিবাহী বাস হাওড়া সেতু দিয়ে চলবে।
ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, আলিপুরের দিক থেকে আসা ভারী পণ্যবাহী গাড়ি এ জে সি বসু রোড এবং ডি এল খান রোডের মোড় থেকে হসপিটাল রোড, খিদিরপুর রোড, ডাফরিন রোড, মেয়ো রোড, ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে বি টি রোড ধরে নিবেদিতা সেতুতে উঠবে। এ জে সি বসু রোড বা ভবানীপুরের দিক থেকে আসা পণ্যবাহী গাড়ি এক্সাইড মোড় থেকে জওহরলাল নেহরু রোড, ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার, ডানলপ হয়ে নিবেদিতা সেতুতে যাবে। বন্দর এলাকা থেকে আসা পণ্যবাহী গাড়ির জন্য পুলিশ বিকল্প রাস্তা হিসাবে বেছেছে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড, কিংস ওয়ে, ধর্মতলা, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, শ্যামবাজার, টালা সেতু, বি টি রোড হয়ে নিবেদিতা সেতু।
ট্র্যাফিকের এক কর্তা জানান, বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার বিষয়ে কলকাতার নগরপালের তরফে মঙ্গলবারই বিজ্ঞপ্তি জারি হয়েছে। পুলিশের নির্দিষ্ট করে দেওয়া বিকল্প রুটগুলি তো থাকছেই। এ ছাড়াও প্রয়োজনে গাড়ির পথ পরিবর্তন করা হতে পারে।