‘এক দেশ এক ভোট’ নিয়ে
}} এক দেশ এক ভোট নিয়ে আলোচনার জন্য গঠিত যৌথ সংসদীয় কমিটির মেয়াদ আগামী শীতকালীন অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিল লোকসভা। আজ কমিটির পক্ষে জানানো হয়েছে, এখনও অনেক পক্ষের বক্তব্য শোনার বাকি রয়েছে। সেই কারণে সময় বাড়ানোর যুক্তি মেনে নেন লোকসভার স্পিকার ওম বিড়লা। দেশে লোকসভা ও বিধানসভা ভোট এক সঙ্গে করা কতটা যুক্তিযুক্ত তা খতিয়ে দেখতে ওই সংক্রান্ত বিল যৌথ কমিটির কাছে পাঠানো হয়েছিল। তবে শীতকালীন অধিবশনে ওই রিপোর্ট পেশ হলেও, তা যদি পরে আইনও হয়, তাহলেও ২০৩৪ সালের আগে কোনও ভাবেই লোকসভা ও বিধানসভা ভোট এক সঙ্গে করা সম্ভব নয় বলে দাবি করেছেন কমিটির এক সদস্য।
উদ্বিগ্ন শীর্ষ কোর্ট
}} কারাদণ্ডপ্রাপ্ত কোনও আসামির কারাবাসের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরেও সে যদি ছাড়া না পায়, তা হলে বিষয়টি উদ্বেগের বলে জানাল সুপ্রিম কোর্ট। যাবজ্জীবন কারাদণ্ডে দোষী সাব্যস্তেরা যদি নির্দিষ্ট মেয়াদ জেলে কাটিয়ে ফেলে, সে ক্ষেত্রে মেয়াদ ফুরনোর সঙ্গে সঙ্গে তাদের মুক্তি দিতে হবে বলে জানাল শীর্ষ আদালত। মঙ্গলবার নীতীশ কাটারা খুনের মামলায় দোষী সাব্যস্ত সুখদেব পহেলওয়ানের একটি আবেদনের শুনানি ছিল। ২০ বছর জেলে কাটানো সত্ত্বেও এখনও মুক্তি পায়নি সে। গত ২৯ জুলাই তাকে মুক্তির নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। এ দিনের শুনানিতে বিচারপতি বি ভি নাগরত্ন এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চ জানিয়েছে, নির্দিষ্ট মেয়াদ পেরিয়ে যাওয়ার পরেও যেন কোনও আসামি আর কারাগারে বন্দি না থাকে।
মহুয়া মামলায়
}} তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল। বিষয়টি নিয়ে লোকপাল আদালতে মামলা চলছে। মহুয়ার তরফে দিল্লি হাই কোর্টে দাবি করা হয়েছিল, এই মামলার গোপনীয়তা যথাযথ ভাবে রক্ষিত হচ্ছে না। মঙ্গলবার দিল্লি হাই কোর্টের বিচারপতি শুনানিতে জানিয়েছেন, এই মামলায় তদন্তের যাবতীয় বিষয়ের গোপনীয়তা রক্ষা করা আবশ্যক। এ দিন লোকপাল আদালত এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে এই মামলায় গোপনীয়তা রক্ষা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
জয়ী রুডি
}} সাংসদদের ক্লাব ‘কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়া’র সচিবপদের লড়াইয়ে বাজিমাৎ করলেন বিহারের বিজেপি সাংসদ রাজীবপ্রতাপ রুডি। ভোটে বিজেপিরই প্রাক্তন সাংসদ সঞ্জীবকুমার বলিয়ানকে হারিয়েছেন তিনি। সূত্রের খবর, জাঠ নেতা বলিয়ানকে জেতাতে আসরে নেমেছিলেন অমিত শাহেরা। কিন্তু দিনের শেষে জিতেছেন রুডিই। সূত্রের খবর, রুডির সঙ্গে নরেন্দ্র মোদী-অমিত শাহদের সম্পর্ক মোটেই মধুর নয়। তাই তাঁকে সমর্থন করেছেন সনিয়া গান্ধী-মল্লিকার্জুন খড়্গেরা।
চার বছর পরে
}} বছর চারেক আগে খাবার ডেলিভারি দিতে গিয়ে রাস্তায় লরির ধাক্কায় বাইক নিয়ে লুটিয়ে পড়েছিলেন ৩৩ বছরের সৈয়দ কুরেশি। পরের দিন হাসপাতালে মৃত্যু হয় তাঁর। কুরেশির পরিবার ক্ষতিপূরণ দাবি করলেও তা মেলেনি। অবশেষে ট্রাইব্যুনালের নির্দেশে লরির মালিকের থেকে ২৩ লক্ষ ৭৫ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে পেতে চলেছেন মৃত সৈয়দ কুরেশির স্ত্রী ও কন্যা।