আয়কর-বিতর্ক
}} এ বার থেকে আয়কর অফিসারেরা প্রয়োজনে করদাতার ই-মেল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলতে পারবেন। নতুন আয়কর আইনে তাঁদের ওই ক্ষমতা দেওয়া হয়েছে। সোমবার লোকসভার পরে মঙ্গলবার প্রায় বিনা বিতর্কেই রাজ্যসভায় পাশ হয়েছে এই বিল। সেখানে আরও বলা হয়েছে আয়কর তল্লাশির সময় প্রয়োজনে করদাতার লকার, আলমারি, সিন্দুক ইত্যাদিও ভাঙতে পারবেন অফিসারেরা। করদাতা সেগুলির চাবি ও সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড দিতে অস্বীকার করলে ওই পদক্ষেপ করা যাবে। এ সংক্রান্ত নির্দেশাবলী শীঘ্রই প্রকাশ করা হবে। তবে এই সিদ্ধান্তে ব্যক্তি স্বাধীনতা ও গোপনীয়তা ভঙ্গ হবে বলে অভিযোগ। যদিও কেন্দ্রের দাবি, কোনও বাড়তি ক্ষমতা আয়কর অফিসারদের দেওয়া হয়নি। এ দিন আয়কর বিলে সংশোধনীও এনেছে সরকার। বলা হয়েছে, আগাম আয়করের দেয় অঙ্কের থেকে যতটা কম মেটানো হবে, করদাতাকে তার উপরে ৩% সুদ দিতে হবে। আগে বলা হয়েছিল তা হবে ১%।
প্রকল্পে সম্মতি
}} ওড়িশা, পঞ্জাব এবং অন্ধ্রপ্রদেশে মোট চারটি সেমিকনডাক্টর কারখানা গড়ার প্রস্তাবে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রকল্পগুলিতে মোট ৪৫৯৪ কোটি টাকা লগ্নি হবে। সেগুলি কেন্দ্রের আর্থিক সহায়তা প্রকল্পের আওতায় আসবে। একটি প্রকল্পে ইন্টেল ও লকহিড মার্টিন জড়িত।