হাসিনার পক্ষে সওয়ালের আর্জি
}} জুলাই অভ্যুত্থানের সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনজীবী হতে চেয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জ়েডআই খান পান্না। তবে তাঁর আবেদন মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ খারিজ করে দিয়েছে। ট্রাইব্যুনাল বলেছে, ‘শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র-নিযুক্ত আইনজীবী রয়েছেন। উনি (পান্না) সিভি দিলে, অন্য মামলায় তাঁকে আইনজীবী হিসেবে নিয়োগের বিষয়টি দেখা হবে। তা ছাড়া, কাকে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হবে, সেটা ট্রাইব্যুনালের বিষয়। এ ছাড়া এই মামলায় যখন আইনজীবী নিয়োগের কথা আগে বলা হয়েছিল, তখন তিনি এসে বলতে পারতেন।”
ভারতীয়-হেনস্থা
}} ফের বিদেশে বর্ণবিদ্বেষের শিকার হলেন এক ভারতীয় দম্পতি। কানাডার অন্টারিয়োর পিটারবরোর একটি মলের কাছে গত ২৯ জুলাইয়ের ঘটনা। বছর আঠারোর এক কিশোরের বিরুদ্ধে অভিযোগ, ওই দম্পতিকে উদ্দেশ করে সে বিচিত্র অঙ্গিভঙ্গি, কুকথা বলে এবং খুনের হুমকি দেয়। ঘটনার দিনের কিছু ভিডিয়োয় দেখা গিয়েছে, দম্পতির প্রতি বিচিত্র অঙ্গভঙ্গি করছে ওই কিশোর। পরে আরও কিছু কিশোরকে একই রকম আচরণ করতে দেখা যায়। তারা ওই দম্পতির গাড়ি লক্ষ্য করে হামলাও করে। দম্পতি কিশোরদের আচরণ নিয়ে প্রশ্ন করায়, তাঁদের মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্তেরা। কয়েক সপ্তাহ আগে আয়ারল্যান্ড এবং অস্ট্রেলিয়াতেও প্রবাসী ভারতীয়েরা এই ধরনের বর্ণবিদ্বেষের শিকার হয়েছেন।