আদানিকে সমনে দেরি, কেন্দ্রের দিকে আঙুল আমেরিকার
নিজস্ব প্রতিবেদন
আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগরের বিরুদ্ধে গত বছর ভারতে সরকারি কর্তাদের ঘুষ দিয়ে সৌর বিদ্যুৎ জোগানের বরাত পাওয়ার অভিযোগ তুলেছিল আমেরিকা। তাদের অভিযোগ, ঘুষের কথা গোপন রেখে আমেরিকার ব্যাঙ্ক এবং লগ্নিকারীদের থেকে ওই বিদ্যুৎ প্রকল্পের জন্য বিরাট তহবিল তোলে আদানি গ্রিন এনার্জি, যা প্রতারণা। এ বার সেখানকার শেয়ার বাজার নিয়ন্ত্রক এসইসি নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে জানাল, এই ঘটনার তদন্তে গৌতম এবং সাগরকে সমন পাঠানোর চেষ্টা করছে তারা। আন্তর্জাতিক চুক্তি (হেগ সার্ভিস কনভেনশন) অনুযায়ী সমনের নোটিস পৌঁছে দিতে ভারতের আইন মন্ত্রকের সাহায্যও চাওয়া হয়েছে। কিন্তু এখনও সেটি আদানিদের কাছে পৌঁছে দেয়নি তারা। ফলে প্রশ্ন উঠেছে, এসইসি প্রথম সাহায্য চাওয়ার পরে ছ’মাস কেটে গেলেও কেন আদানিদের বিরুদ্ধে তদন্তে সাহায্য করছে না কেন্দ্র?
এর আগে আইনজীবী প্রশান্ত ভূষণও অভিযোগ তুলেছিলেন, ‘‘হেগ কনভেনশনের অধীনে বাধ্য হওয়া সত্ত্বেও মোদী সরকার আদানিকে এসইসি-র সমন পাঠানোয় সাহায্য করছে না। অবাক হওয়ার মতো? এটা কি আদানির দায়িত্ব সরকারের কাঁধে নাকি কেন্দ্রের দায়িত্ব আদানির ঘাড়ে?’’ সেই দাবিই এ বার পোক্ত হল, মনে করছে একাংশ। উল্লেখ্য, এসইসি সরাসরি কোনও বিদেশি ব্যক্তিকে নোটিস পাঠাতে পারে না। কূটনৈতিক পথে এগোতে হয়।আদালতে এসিইসি-র দাবি, সমনের নোটিস পাঠাতে ফেব্রুয়ারিতেও ভারতের সাহায্য চেয়েছিল তারা। কিন্তু সে দেশেই বসবাসকারী গৌতমকে এখনও তা পৌঁছনো হয়নি। তবে চেষ্টা চলবে।