বাসের ধাক্কায় জখম দুই আরোহী
}} বেপরোয়া বাসের ধাক্কায় জখম হলেন দুই স্কুটার আরোহী। বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনাটি ঘটেছে যশোর রোডের মধ্যমগ্রাম চৌমাথায়। আহতেরা হলেন ইন্দ্রদীপ পাল ও অভীক শীল। তাঁরা বাগুইআটির বাসিন্দা। দুর্ঘটনার পরে উত্তেজিত জনতা বাসটিতে ভাঙচুর চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, কলকাতা বিমানবন্দরের দিক থেকে যশোর রোড ধরে বারাসতের দিকে যাচ্ছিল বারাসত-বি গার্ডেন রুটের বেসরকারি বাসটি। ইন্দ্রদীপ ও অভীকও একই দিকে যাচ্ছিলেন। অভিযোগ, বাসের গতি বেশি ছিল। সেটির ধাক্কায় ছিটকে পড়ে মাথায়, হাতে, পায়ে চোট পান দু’জন। ইন্দ্রদীপ এবং অভীককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মধ্যমগ্রাম থানার পুলিশ বাসটি আটক করলেও চালক ও খালাসি পলাতক।
ট্রেনের ধাক্কায় মৃত্যু
}} ট্রেনের ধাক্কায় মৃত্যু হল বছর পঁয়ত্রিশের এক যুবকের। বৃহস্পতিবার, বনগাঁ-শিয়ালদহ শাখার সংহতি এলাকায়। স্থানীয় সূত্রের খবর, রেল লাইন ধরে হেঁটে যাচ্ছিলেন ওই যুবক। সে সময়ে বনগাঁ থেকে গোবরডাঙাগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। বনগাঁ জিআরপি এসে দেহ উদ্ধার করে। যুবকের নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।
কমিশনারেটে চিঠি
}} ব্লকের ভিতরের রাস্তা ধরে অটো চলাচল করায় তাঁদের যাতায়াতে সমস্যা হচ্ছে বলে বিধাননগরের পুলিশ কমিশনারেটে চিঠি দিলেন বাসিন্দারা। তাঁদের একাংশ অভিযোগে জানিয়েছেন, অটোর নির্দিষ্ট রুট আছে। কিন্তু কিছু চালক সেই রুট ভেঙে ব্লকের ভিতরের রাস্তা দিয়ে যাতায়াত করছেন। এর আগে এক বার বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল। তার পরে পুলিশি নজরদারির ব্যবস্থাও হয়। কিন্তু, গত সেপ্টেম্বর থেকে পুলিশ সরে যেতে ফের একই সমস্যা দেখা গিয়েছে। স্থানীয় ৪০ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি তথা মেয়র পারিষদ তুলসী সিংহরায় জানান, বিষয়টি খোঁজ করে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
শুরু বিয়েনেল
}} বৃহস্পতিবার এন্টালিতে ললিত কলা অ্যাকাডেমির নবনির্মিত ভবনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। একই সঙ্গে সেখানে এ দিন নানা ঘরানার ছাপাই শিল্পের নমুনা মেলে ধরা প্রিন্ট বিয়েনেলেরও সূচনা হয়। দিল্লি ও মুম্বইয়ের পরে কলকাতাতেও হচ্ছে এই অনুষ্ঠান। এক মাসের প্রদর্শনীতে থাকবে ৩৫টি দেশের অন্তত ৫০ রকম ছাপাই শিল্পের নমুনা। কাঠখোদাই, লিথো থেকে নানা ঘরানার ছাপাই শিল্পের রকমফের দেখতে পাবেন দর্শকেরা।
টাকা ফেরত
}} প্রতারকদের খপ্পরে পড়ে কয়েক হাজার টাকা খুইয়েছিলেন গৃহবধূ থেকে ব্যবসায়ী। বুধবার এক অনুষ্ঠানে সেই প্রতারিতদের টাকা ফেরত দিল নিউ ব্যারাকপুর থানা। তিন ব্যক্তিকে তাঁদের হারিয়ে যাওয়া মোবাইলও ফেরত দেওয়া হয়। প্রতারিতদের হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হয়। হাজির ছিলেন ব্যারাকপুর কমিশনারেট এবং নিউ ব্যারাকপুর থানার শীর্ষ আধিকারিকেরা।
ধৃত আরও এক
}} বিভিন্ন ভুয়ো নথি জমা দিয়ে ব্যাঙ্ক থেকে ৩৫ লক্ষ টাকা ঋণ নেওয়ার অভিযোগে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করলেন লালবাজারের গোয়েন্দারা। ধৃতের নাম তাবরেজ় খান। সম্প্রতি পাটুলি থানার গাঙ্গুলিবাগান মোড় থেকে তাকে ধরা হয়। কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত ধৃতকে ২২ জানুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়ছে। হেয়ার স্ট্রিট থানার এই মামলায় এর আগে আরও তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তারাও পুলিশি হেফাজতে রয়েছে।