ধর্মতলায় অতিরিক্ত বাহিনী আজ
}} ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় বিভিন্ন অসঙ্গতি, নাম বাদের চক্রান্তের প্রতিবাদে আজ, শুক্রবার দুপুর থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য মেট্রো চ্যানেলের রাস্তার অর্ধেক আটকে বিরাট মঞ্চ তৈরি করা হয়েছে। ফলে ধর্মতলার একাংশে আজ থেকে গাড়ির গতি ব্যাহত হতে পারে বলে মনে করছে পুলিশের একাংশ। মঞ্চ তৈরির কাজ চলার জন্য বৃহস্পতিবারই ওই রাস্তায় ব্যাহত হয়েছে যান চলাচল। তবে ট্র্যাফিক পুলিশ সূত্রের খবর, গাড়ি চলাচল মসৃণ রাখতে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন ট্র্যাফিক গার্ডের আধিকারিকদের মধ্যে এ নিয়ে বৈঠক হয়েছে। লালবাজার জানিয়েছে, আজ মেট্রো চ্যানেলের উত্তরমুখী অংশ শাসকদলের সমর্থকদের ভিড়ের চাপে বন্ধ হয়ে গেলে দক্ষিণমুখী রাস্তার একটি লেন দিয়ে উভয় দিকে গাড়ি চালানো হবে। ধর্মতলা চত্বর জুড়ে অতিরিক্ত বাহিনীও মোতায়েন করা হচ্ছে।
প্রহৃত ব্যবসায়ী
}} দাবি মতো সাড়ে চার কোটি টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে তাঁর মেয়ের সামনে বন্দুকের বাট দিয়ে মারধর করার অভিযোগ উঠল। শনিবার, একবালপুর থানা এলাকায়। আক্রান্ত ব্যবসায়ী একবালপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর অভিযোগ, চার জন এসে তাঁকে রাস্তায় মারধর করে। ঘটনার পিছনে ব্যবসায়িক শত্রুতা ছিল কিনা, দেখছে পুলিশ।