সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কি দু’-তিন দিনেই
নিজস্ব সংবাদদাতা
তথ্যগ্রাহ্য অসঙ্গতির আওতায় থাকা ভোটারদের মধ্যে যাঁরা যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁদের নামের অতিরিক্ত তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) চলতি সপ্তাহান্তে প্রথম দফায় প্রকাশিত হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রের খবর। কলকাতা হাইকোর্টের বৈঠকের পরে সিইও মনোজ আগরওয়াল জানান, এখনও পর্যন্ত প্রায় ২১ লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে। একই সঙ্গে ট্রাইব্যুনাল গঠনের কাজও প্রায় শেষের পর্যায়ে। অন্যদিকে, অবসরপ্রাপ্ত আইএএস এবং আইপিএস অফিসারদের মধ্যে যাঁরা এখনও সরকারি কোনও না কোনও দায়িত্বে আছেন, মুখ্যসচিবের থেকে তাঁদের নামের তালিকা চেয়ে পাঠিয়েছে কমিশন। অতীতের কোনও ভোটে এমন অবসরপ্রাপ্ত আধিকারিকদের ব্যাপারে খোঁজখবর নিতে দেখা যায়নি কমিশনকে।
সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে মঙ্গলবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে নির্বাচন কমিশন এবং রাজ্য প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে যে বৈঠক হয়েছে, তাতে শুক্র বা শনিবার এই তালিকা প্রকাশের সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে এ ব্যাপারে শেষমেশ প্রধান বিচারপতির সচিবালয় থেকেই বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী ঘোষণা করা হবে। তবে মনোনয়ন পত্র জমা দেওয়া শেষ হওয়ার আগে যাচাই ও অভিযোগ নিষ্পত্তির কাজ শেষ হবে কি না, সে ব্যাপারে কমিশনের তরফে স্পষ্ট উত্তর মেলেনি। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই কাজ হচ্ছে। ট্রাইবুনালে কারা থাকবেন, দু’-একদিনের মধ্যে সেই নামগুলি আমাদের জানিয়ে দেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি।’’
অন্যদিকে নতুন মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালাকে লিখিত বার্তায় কমিশন জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারির পরে আধিকারিক রদবদলের যত আদেশনামা নবান্ন কার্যকর করেছিল, তা জানাতে হবে। একই সঙ্গে গোটা রাজ্যে অবসরের পরে পুনর্নিয়োগ হওয়া অফিসার-কর্মীদের নামের তালিকা পাঠাতে হবে কমিশনকে।