আলোচনার দাবি
}} বিদেশ এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রক নিয়ে আলোচনার দাবি তুলে রাজ্যসভায় ১৬টি বিরোধী দল মঙ্গলবার একজোট হয়ে সই করে চিঠি জমা দিল চেয়ারম্যানের কাছে। কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, এসপি-র মতো দলগুলির বক্তব্য, আমেরিকার সঙ্গে বাণিজ্যচুক্তি, পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতিতে ভারতের ভূমিকা, সে দেশের প্রধান ধর্মীয় নেতার মৃত্যুতে ভারতের শোক না জানানো, দেশে তেল এবং গ্যাসের পরিস্থিতির মতো বিষয় সংসদে এড়িয়ে যাচ্ছে কেন্দ্র। বড়জোর একতরফা বিবৃতি দিয়ে কাজ সারছে মোদী সরকার। বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে।
ভাঙন সিপিএমে
}} ভোটের দিনক্ষণ ঘোষণার পরই কার্যত ভাঙন দেখা গেল কেরল সিপিএমে। মঙ্গলবার দলের তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, দল থেকে বহিষ্কার করা হয়েছে প্রবীণ বাম নেতা টি কে গোবিন্দনকে। এ দিন কেরল সিপিএমের জেলা সম্পাদক কে কে রাগেশ গোবিন্দনের বিরুদ্ধে সুবিধাবাদ এবং ক্ষমতার লোভে পরিচালিত হওয়া-সহ বিভিন্ন অভিযোগ এনেছেন। দিন কয়েক আগেই কেরল সিপিএমের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন গোবিন্দন। তার পরেই তাঁকে দল থেকে বহিষ্কারের কথা ঘোষণা করা হয়।
কেদার-বদ্রী দর্শনে
}} কোনও অ-হিন্দু ব্যক্তিকে বদ্রীনাথ ও কেদারনাথ মন্দির দর্শন করতে হলে হলফনামা জমা দিতে হবে। বলিউড অভিনেত্রী সারা আলি খানও এর ব্যতিক্রম নন। মঙ্গলবার বদ্রী-কেদার মন্দির কমিটির চেয়ারম্যান হেমন্ত দ্বিবেদী বলেছেন, “যদি সারা আলি খান সনাতন ধর্মের প্রতি তাঁর ভক্তি প্রকাশ করে একটি হলফনামা জমা দেন, তা হলে আমরা তাঁকে পুজো দেওয়ার অনুমতি দেব।”