বিলাবলদের হুমকির
জবাব ভারতের
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি, ২৩ জুন: পাকিস্তানের পিপিপি নেতা বিলাবল ভুট্টো জ়ারদারি এবং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সিন্ধুর জল না দেওয়া নিয়ে বেশ কিছু দিন ধরে ভারতকে হুমকি দিয়ে আসছিলেন। সদ্য পাক প্রতিরক্ষামন্ত্রীর তরফে ফের হুঁশিয়ারির কথা শোনা গিয়েছে। আজ ইসলামাবাদকে পাল্টা নিশানা করেছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জায়সওয়াল বলেছেন, “পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বানানো দাবিগুলো তাঁদের নিজেদের ব্যর্থতা আড়াল করার এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা থেকে দৃষ্টি সরানোর এক মরিয়া প্রচেষ্টা।”
পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ক্রমেই অশান্তি ও উত্তেজনা বাড়ছে। সেখানে সরকারের বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন মানুষজন। বিষয়টি নিয়ে আজ জায়সওয়ালের দাবি, “এই ক্ষোভ আসলে অবৈধ ও জোর করে দখল করা অঞ্চলগুলিতে পাকিস্তানের দীর্ঘ কয়েক দশক ধরে চলা সুপরিকল্পিত অর্থনৈতিক শোষণ, মৌলিক অধিকার কেড়ে নেওয়া এবং প্রশাসনিক নিপীড়নের প্রত্যক্ষ পরিণতি।” পাক অধিকৃত কাশ্মীরের পরিস্থিতি নিয়ে দিল্লির অবস্থান স্পষ্ট করে জায়সওয়াল আজ বলেন, “বেশ কিছু মানুষ প্রাণ হারিয়েছেন। আমরা আশা করি, আন্তর্জাতিক সম্প্রদায় পাক সরকারের এই অপকর্মের জন্য তাকে জবাবদিহির আওতায় আনবে।”