১৯ সেপ্টেম্বর: বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি এবং সদ্যসমাপ্ত ব্রিকস সম্মেলনকে সামনে রেখে দেশের যুবসমাজের কাছে কর্মসংস্থানের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ ২০তম ‘রোজগার মেলা’য় ভিডিয়ো মাধ্যমে যোগ দিয়ে প্রধানমন্ত্রী জানান, বিভিন্ন দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি দেশের যুবসমাজের কাছে কর্মজীবনের নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে। শনিবার দেশের মোট ৪৫টি স্থানে ‘রোজগার মেলা’র আয়োজন করা হয়েছিল। সরকারি চাকরিতে যোগ দেওয়াকে দেশ সেবার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখতে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। এ দিন কলকাতায় রোজগার মেলা উপলক্ষে আয়কর দফতর আয়োজিত অনুষ্ঠানে ওই মন্তব্য করেন তিনি।
প্রথম বার ক্ষমতায় আসার পর থেকে ‘উন্নত ভারত’ গড়ার সময়সীমা ক্রমশ পিছিয়ে এখন তা ২০৪৭ সালে দাঁড় করিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। মোদী আজ বলেন, ‘‘২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ে তোলার কাজে আপনাদের মতো তরুণদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারি দায়িত্ব পালন করার সময় আপনাদের প্রতিটি সিদ্ধান্ত এমন হওয়া উচিত, যা নিরন্তর ভাবে একটি উন্নত ও আত্মনির্ভর ভারত গড়ার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করে।”