রাজ্যে লগ্নি
নিজস্ব সংবাদদাতা
দেশ জুড়ে দু’বছরে ১২০০ কোটি টাকা লগ্নি করবে কলকাতার কসমিক বিড়লা গোষ্ঠী। তার মধ্যে রাজ্যে ৭৫০ কোটি। কর্ণধার আদিত্য বিক্রম বিড়লা জানান, ২৫০ কোটি টাকায় দুর্গাপুরে গড়া হবে ঢালাই কারখানা। ৬৫০ জন কাজ পাবেন। বাকিটা খরচ হবে ১৪টি কারখানা সম্প্রসারণের জন্য। ওই সব কারখানায় বৈদ্যুতিক স্কুটার, ঘি-নুডলসের মতো খাবার, ইঞ্জিনিয়ারিং পণ্য ইত্যাদি উৎপাদন হয়। পুরো লগ্নিই ২০২৭ সালের মধ্যে করা হবে বলে জানান তিনি।
১৪টির মধ্যে কসমিকের ১০টি কারখানাই এ রাজ্যে। আসানসোলের পরে দুর্গাপুরে ১০ একর জমিতে হবে দ্বিতীয় ঢালাই কারখানা। আদিত্য জানান, বছরে ২৫ হাজার টন ঢালাই পণ্য হবে। তাঁদের বৈদ্যুতিক স্কুটার নির্মাতা রাফট মোটরসও দুর্গাপুরেই। ১০০ কোটি টাকা তুলতে এ মাসে তারা প্রথম বাজারে শেয়ার ছাড়বে।