করের ভাবনা
নয়াদিল্লি, ১৬ মে: আমেরিকায় আমদানি হওয়া পণ্যে শুল্ক বৃদ্ধির পরে এ বার সে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজর বিদেশে টাকা পাঠানোর উপরে। তাঁর প্রস্তাব কার্যকর হলে এ বার থেকে আমেরিকা থেকে ভারত-সহ বিভিন্ন দেশে ব্যক্তিদের টাকা পাঠানোর উপরে বসবে ৫% কর। যার ফলে আরও বেশি খরচসাপেক্ষ হবে এই লেনদেন। আমেরিকায় রোজগার করে দেশে টাকা পাঠানো প্রায় ৪ কোটি মানুষের উপরে প্রভাব পড়বে। যাঁদের গ্রিন কার্ড বা এইচ১বি ভিসা রয়েছে। আমেরিকার নাগরিকদের এই কর দিতে হবে না। সম্প্রতি রিজ়ার্ভ ব্যাঙ্কের পরিসংখ্যান জানিয়েছে, ২০২৩-২৪ সালে বিদেশ থেকে ভারতে ১১,৮৭০ কোটি ডলার পাঠিয়েছেন ব্যক্তিরা। এর মধ্যে আমেরিকা থেকে এসেছে প্রায় ৩২৯০ কোটি। সত্যিই ট্রাম্প প্রশাসন এই কর বসালে সেই হিসাবে ভারতীয়দের এ জন্য অতিরিক্ত প্রায় ১৬০ কোটি ডলার গুনতে হবে।
সংবাদ সংস্থা