চাকরিহারা শিক্ষাকর্মীদের
ভাতা, বিতর্কে রাজ্য সরকার
নিজস্ব সংবাদদাতা
চাকরিচ্যুত শিক্ষাকর্মী সাম্মানিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শনিবার আন্দোলনরত শিক্ষাকর্মীদের ছ’জন প্রতিনিধির সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্থ। সেই বৈঠকে মুখ্যসচিবের ফোনে ফোন করে ওই প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনি লড়াইয়ের প্রতিশ্রুতির সঙ্গে সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সাম্মানিকের ঘোষণা করেন তিনি। সরকারি ঘোষণা অনুযায়ী, গ্রুপ-সি পদের কর্মীরা মাসে ২৫ হাজার এবং গ্রুপ-ডি কর্মীরা মাসে ২০ হাজার টাকা পাবেন। যদিও ওই মাসিক সাম্মানিকের পরিমাণ পাঁচ হাজার টাকা করে বাড়ানোর অনুরোধ করেছেন গ্রুপ-সি পদের শিক্ষাকর্মীদের প্রতিনিধিরা।
সরকারের এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই দুর্নীতি আড়াল করার অভিযোগ জানিয়েছে বিরোধীরা এবং স্বাভাবিক ভাবেই সরকারকে সমর্থন করেছে তৃণমূল। এ দিন আইনজীবী ও সিপিএম সাংসদ বিকাশ ভট্টাচার্যের প্রশ্ন, দুর্নীতির কারণে কোর্টের রায়ে যাঁদের চাকরি বাতিল হচ্ছে, তাঁদের কী ভাবে সরকার ভাতা দিতে পারে? তাঁর মতে, এটা যদি সরকারের নীতি হয়, তা হলে চুক্তিভিত্তিক নানা কর্মী-সহ রাজ্যের নিয়োগ করা যে কর্মী যখন ছাঁটাই হচ্ছেন, তখন তাঁদেরও ভাতা দিতে হবে।