পূর্ণমকে ফেরাতে পঠানকোটে যাচ্ছেন স্ত্রী
প্রকাশ পাল
রিষড়া: প্রায় দু’হাজার কিলোমিটার দূরে বাড়িতে বসে স্বামীর ফেরার অপেক্ষা আর করতে পারছেন না। আজ, রবিবার স্বামীর কর্মস্থল পঞ্জাবের পঠানকোটে যাবেন বলে জানিয়েছেন রজনী সাউ। রজনী পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দি বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী।
রিষড়ার বাড়িতে ছেলেকে পাশে বসিয়ে শনিবার রজনী বলেন, ‘‘স্বামীর খবর নেই। আর অপেক্ষা করতে পারছি না। কালই পঠানকোট রওনা হব। সেখানে কাজ না হলে, দিল্লি যাব। ছেলে, বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে কী জবাব দেব! কারও কাছে সাহায্য পাচ্ছি না। মনে হচ্ছে, স্বামীর জন্য নিজেকেই লড়তে হবে।’’ রজনী মনে করছেন, পূর্ণমের ছাড়া না পাওয়ার পিছনে পহেলগামে জঙ্গি হামলার জেরে উদ্ভূত পরিস্থিতির প্রভাব রয়েছে। রবিবার সন্ধ্যায় হাওড়া থেকে অমৃতসরগামী ট্রেনের টিকিটও কেটেছেন রজনীরা।