সাবধানি শরদ
নয়াদিল্লি, ২৬ এপ্রিল: পহেলগাম নিয়ে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের ডাকা সর্বদলীয় বৈঠকে সব বিরোধী দল সরকারকে উপযুক্ত জবাব দেওয়ার প্রশ্নে পাশে থেকেছে। কিন্তু রাজনীতিতে সর্বদাই ভিন্ন মোচড় দেওয়ার জন্য খ্যাত ‘মরাঠা স্ট্রংম্যান’ এনসিপি (শরদ) নেতা শরদ পওয়ার কিন্তু আজ সাবধানবাণী শোনালেন কেন্দ্রকে। তাঁর কথায়, তাড়াহুড়ো করে বা রাগের বশে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যার ফলাফল ভারতের বিপক্ষে যায়। তাঁর কথায়, “আজ হয়তো আমরা কড়া পদক্ষেপ করব। কিন্তু মাথায় রাখতে হবে আগামী দিনে পাকিস্তানও ছেড়ে দেবে না। আমার মনে হয় না পাকিস্তান চুপচাপ বসে থাকবে।” উদাহরণ হিসাবে পওয়ার টেনেছেন পাক আকাশসীমা বন্ধের সিদ্ধান্তকে। বলেছেন, “ইউরোপগামী সব বিমানই পাকিস্তানের উপর দিয়ে উড়ে যায়। সেই রাস্তা বন্ধ হয়ে গেলে বিমানযাত্রার খরচ অনেক বেড়ে যাবে।” অনেকের প্রশ্ন, শরদের মতো পোড় খাওয়া নেতা প্রকাশ্যে এ ভাবে সংশয় করলে সেনার মনোবলে আঘাত লাগবে না কি? অন্য দিকে, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে বলেন, ‘‘পাকিস্তানকে দু’টুকরো করে ভেঙে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের সঙ্গে জুড়ে নিন। আমরা ১৪০ কোটি ভারতবাসী আপনার সঙ্গে আছি।’’ নিজস্ব সংবাদদাতা