লন্ডনের বিক্ষোভে ‘হুমকি’ পাক কূটনীতিকের, বিতর্ক
রিয়া গুহ l লন্ডন
২৬ এপ্রিল: জম্মু-কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপরে জঙ্গি হামলার প্রতিবাদে বিক্ষোভ চলার সময়ে লন্ডনের পাক হাই কমিশনের লোকজনের আচরণ ঘিরে শুরু হয়েছে সমালোচনা। অ্যালডউইচে পাক হাই কমিশনের সামনে গত শুক্রবার মূলত ভারতীয় জনগোষ্ঠীর লোকজন ওই বিক্ষোভ দেখাচ্ছিলেন। তখনই হাই কমিশন থেকে কিছু আধিকারিক এবং ব্রিটেনে বসবাসরত কিছু পাক নাগরিক হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে বেরিয়ে আসেন বারান্দায়। দূতাবাসের সামনে সাউন্ড বক্স বসিয়ে পুরো সময়টা উচ্চগ্রামে বাজানো হয় উৎসবের গান-বাজনা। গলার সামনে হাত দিয়ে তরোয়াল চালানোর মতো মুদ্রা করেন হাই কমিশনের এক আধিকারিক, যা দৃশ্যত হুমকি বলে মত প্রতিবাদীদের। তাঁর আচরণের একটি ভিডিয়ো ঘিরে সমাজমাধ্যম সমালোচনায় মুখর হয়ে উঠেছে। কিছু সূত্রের দাবি, পাক সেনার সঙ্গে যুক্ত ওই ব্যক্তি হাই কমিশনে কূটনীতিবিদ হিসেবে কর্মরত।
সন্ত্রাসবাদের শিকারদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ‘ভারতের চেতনার’ প্রতি সংহতি প্রকাশের জন্য কর্মসূচিটি ছিল, জানান বিক্ষোভকারীরা। সেখানে ছিলেন ব্রিটিশ পার্লামেন্টেক আন্ডার-সেক্রেটারি (বিদেশ, কমনওয়েলথ ও উন্নয়ন দফতর) ক্যাথরিন ওয়েস্ট, কনজ়ারভেটিভ এমপি বব ব্ল্যাকম্যান, লেবার পার্টির এমপি কণিষ্ক নারায়ণ, ব্রিটিশ হাউস অব লর্ডসের সদস্য ব্যারনেস বর্মা, লর্ড রাভাল, ভারতের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগন, মহারাষ্ট্রের মন্ত্রী সঞ্জয় শিরসাট প্রমুখ। ছিলেন প্রচুর সংখ্যক প্রবাসী ভারতীয় শিক্ষার্থী, পেশাজীবী এবং ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকেরা।
এরই মধ্যে পাক হাই কমিশনের ভিতর থেকে ক্রমশ বারান্দায় লোক জড়ো হয়। ঝোলানো হয় ‘পাকিস্তান কাশ্মীরের পাশে আছে’ লেখা ব্যানার। যে আধিকারিক হাতে মাথা কাটার মুদ্রা করেছিলেন, তাঁর অন্য হাতে ধরা প্ল্যাকার্ডে ছিল অভিনন্দন বর্তমানের ছবি। উপরে পাক পতাকা দিয়ে লেখা, ‘দারুন চা’। বালাকোটে জঙ্গি হানার পরে, ২০১৭ সালে পাক অধিকৃত কাশ্মীরে ভেঙে পড়েছিল বায়ুসেনার তৎকালীন উইং কমান্ডার অভিনন্দনের বিমান। তার পরে পাক সেনার প্রকাশ করা একটি ভিডিয়োয় বন্দি অভিনন্দন ঋজু ভাবে সব প্রশ্নের জবাব দিচ্ছিলেন এবং বলেছিলেন, তাঁর হাতের কাপে থাকা চা ভাল।
পাক হাই কমিশনের লোকজনের ওই আচরণের পরেও অবশ্য শুক্রবার বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ ভাবে তাঁদের প্রতিবাদ চালিয়ে গিয়েছেন। তাঁদের এক জনের কথায়, “উত্তেজক স্লোগান আর উস্কানিমূলক আচরণ করছিলেন ওঁরা। বিভিন্ন অঙ্গভঙ্গি করা হচ্ছিল। স্পষ্টই আমাদের প্ররোচিত করার চেষ্টা চলছিল। পুরোটাই পরিকল্পিত। তবে আমাদের সবাই ধীর ও শান্ত ছিলেন।” তিনি জানান, পাকিস্তানে বন্দি থাকা ভারতীয় নাগরিক কুলভূষণ যাদবের ছবি দেওয়া অবমাননাকর প্ল্যাকার্ডও দেখানো হয়েছিল পাক হাই কমিশন থেকে। এক প্রতিবাদকারীর কথায়, “ভয়াবহ উস্কানি সত্ত্বেও ভারতীয়রা শান্ত, শৃঙ্খলাবদ্ধ এবং দৃঢ় ছিলেন। ছাত্রসমাজ অত্যন্ত সংযম দেখিয়েছিল। এই ঘটনাটি ভারতীয় প্রবাসীদের শক্তি ও ঐক্যের উদাহরণ।”
বিক্ষোভকারীরা একটি বিবৃতিতে পাক কূটনীতিক ও তাঁদের সমর্থকদের আচরণের নিন্দা করেছে। বলা হয়েছে, ‘ব্রিটেনে বসবাসকারী ভারতীয় প্রবাসীরা পাহেলগামে সন্ত্রাসবাদী হামলার শিকারদের জন্য ন্যায়বিচার দাবিতে অনড়, তা সে যতই ভয় দেখানো বা উস্কানি দেওয়া হোক না কেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্লজ্জ হুমকির বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ এবং লন্ডন ও ব্রিটেনে অন্যত্র বসবাসকারী ভারতীয় প্রবাসীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানাই।”
এ দিকে, ওই বিক্ষোভে পুলিশের উদ্দেশে বর্ণবিদ্বেষমূলক উক্তি করার অভিযোগে দুই ভারতীয়কে গ্রেফতার করা হয়েছে বলে খবর।