‘দুই ভাইয়ের’ মধ্যে দ্বন্দ্ব মেটাতে চাইছে ইরান
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি, ২৬ এপ্রিল: ভারত-পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া যুদ্ধকালীন উত্তেজনা কমাতে স্বতঃপ্রণোদিত ভাবে এগিয়ে এল ইরান। আমেরিকার সঙ্গে যুযুধান এই রাষ্ট্র ভারত এবং পাকিস্তানকে ‘ভ্রাতৃসম’ বলে উল্লেখ করেছে। সে দেশের বিদেশমন্ত্রী সইদ আব্বাস আরাঘচি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘ভারত ও পাকিস্তান ইরানের দুই ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী। তাদের সঙ্গে বহু শতাব্দীর প্রাচীন সাংস্কৃতিক ও সভ্যতার বন্ধন আমাদের। অন্য প্রতিবেশীদের মতোই তাদের আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই। এই কঠিন সময়ে পারস্যের কবি সাদির পঙ্ক্তির মাথায় রেখে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে বোঝাপড়ার উন্নতি ঘটাতে তেহরান প্রস্তুত।’ এর পরই তিনি উল্লেখ করেছেন কবিতাটি। লিখেছেন, ‘মানুষ আসলে সবাই সমান/ একই সার ও আত্মা থেকেই সৃষ্টি/ যদি এক জন যন্ত্রণাকাতর হয়/ অন্য জনেরও হতে থাকে অস্বস্তি।’
আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান। ফোনে তিনি পহেলগামে হামলার কড়া নিন্দা করেছেন। সন্ত্রাসবাদের মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার বার্তাও দিয়েছেন তিনি।
কেবল ইরান নয়, পশ্চিম এশিয়ার আর এক দেশ সৌদি আরবও এই পরিস্থিতিতে মুখ খুলেছে। সে দেশের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যুবরাজ ফয়জল বিন ফারহান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দারকে আলাদা করে ফোন করেছিলেন। কথা বলেছেন বর্তমান পরিস্থিতি নিয়ে। ঘটনাচক্রে পহেলগামে হামলার দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবেই ছিলেন।