মুর্শিদাবাদে আটক এক সন্দেহভাজন
}} মুর্শিদাবাদের জাফরাবাদে জোড়া খুনের ঘটনায় আটক করা হল আরও এক অভিযুক্তকে। সূত্রের খবর, শনিবার দুপুরে হাওড়ার ডোমজুড় থেকে ওই অভিযুক্তকে আটক করেছে পুলিশ। তার বাড়ি শমসেরগঞ্জ থানার শুলিতলা এলাকায়। পেশায় রাজমিস্ত্রি ওই যুবক ১২ এপ্রিল জোড়া খুনের পর থেকে এলাকাছাড়া। ডোমজুড়ে সে আশ্রয় নিয়েছিল। বিভিন্ন ভিডিয়ো এবং সিসি ক্যামেরার ছবি খতিয়ে দেখার সময় ঘটনাস্থলে অস্ত্র-সহ ওই রাজমিস্ত্রির উপস্থিতি জানা যায়। তার ডোমজুড়ের আস্তানার খবর পেয়ে হানা দেয় পুলিশ।
পাশ নম্বর
}} উচ্চ মাধ্যমিকে প্রতিটি সিমেস্টারে উত্তীর্ণ হতে হলে কম্পালসারি ইলেকটিভ ও অপশনালের মোট চারটি বিষয়ের মধ্যে তিনটিতে কমপক্ষে ৩০% নম্বর পেতেই হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েছে। বলা হয়েছে, কম্পালসারি অর্থাৎ বাংলা ও ইংরেজিতে ৩০ শতাংশ নম্বর পেতেই হবে। এ ছাড়া, তিনটে কম্পালসারি ইলেক্টিভ এবং একটি অপশনাল থাকলে যে কোনও তিনটিতে ৩০% নম্বর পেতে হবে। অপশনাল না নিয়ে থাকলে পরীক্ষার্থীকে তিনটে কম্পালসারি ইলেক্টিভেই ৩০% নম্বর পেতে হবে।
ভাঙল স্তম্ভ
}} ঝড়ে ভেঙে পড়ল আলোকসজ্জার স্তম্ভ। জগন্নাথ ধাম সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে লোহার স্তম্ভের উপরে রকমারি আলো দিয়ে সাজানো হয়েছিল সৈকত শহর দিঘা। শনিবার রাত পৌনে ১০টা নাগাদ ঝোড়ো বাতাসে মন্দিরের সামনে সেই সব আলোকসজ্জার স্তম্ভ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তাতে এক জন আহত হন বলে জানা গিয়েছে।