বহিষ্কৃত বংশগোপাল
দলের এক নেত্রীর আনা ‘যৌন হেনস্থা’র অভিযোগে আসানসোলের প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরীকে বহিষ্কার করল সিপিএম। মুর্শিদাবাদ জেলার এক সিপিএম নেত্রীর আনা ওই অভিযোগ পাঠানো হয়েছিল অভ্যন্তরীণ তদন্ত কমিটির (আইসিসি) কাছে। সেই কমিটির রিপোর্ট বংশগোপালের বিরুদ্ধে গিয়েছে। কমিটি কড়া পদক্ষেপের সুপারিশও করেছে। সিপিএম সূত্রের খবর, আইসিসি রিপোর্টের প্রেক্ষিতে শনিবার দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম কথা বলেছেন পশ্চিম বর্ধমান জেলার সিপিএম নেতৃত্বের সঙ্গে। তার পরে রাতে রাজ্য কমিটির সদস্য বংশগোপালকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযোগকারিণী নেত্রীকে পাঠানো প্রাক্তন সাংসদের যে বার্তা সমাজমাধম্যে বেরিয়ে গিয়েছিল, তাকে দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর হিসেবেই দেখছে আলিমুদ্দিন স্ট্রিট। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর এক সদস্যের কথায়, “এই ধরনের অভিযোগে আমাদের মনোভাব যে কঠোর, সেটা স্পষ্ট হয়ে যাওয়া দরকার ছিল।” বংশগোপালের বক্তব্য অবশ্য জানা যায়নি। নিজস্ব সংবাদদাতা