শিমলা চুক্তির টেবিলে নেই পাক পতাকা
শিমলা, ২৬ এপ্রিল: পহেলগামে জঙ্গি হানার পরে কূটনীতির উত্তরে পাল্টা কূটনীতি চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করার পরেই ইসলামাবাদ জানিয়ে দেয়, শিমলা চুক্তি-সহ ভারতের সঙ্গে সব রকম দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত করবে তারা। তার ঠিক পরেই হিমাচল প্রদেশ রাজভবনে শিমলা চুক্তির ঐতিহাসিক টেবিল থেকে সরিয়ে দেওয়া হল পাকিস্তানের পতাকা।
১৯৭২ সালের ৩ জুলাই দেশের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের তখনকার প্রধানমন্ত্রী জ়ুলফিকার আলি ভুট্টোর মধ্যে এই শিমলা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির উদ্দেশ্য ছিল, ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘাত শেষ করে সীমান্তে শান্তি স্থাপন করা এবং পারস্পরিক বন্ধুত্ব ও সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলা।
যে চকচকে কাঠের টেবিলে এই চুক্তি হয়েছিল, তা হিমাচল প্রদেশের রাজধানী শিমলার রাজভবনের কীর্তি হলে লাল একটি প্ল্যাটফর্মের উপর প্রদর্শিত রয়েছে। সঙ্গে লেখা, ‘এখানে ৩.৭.১৯৭২ সালে শিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।’ টেবিলের উপর রাখা রয়েছে দুই প্রধানমন্ত্রীর সই করার সময়ের ছবি। ১৯৭২ সালের ভারত ও পাকিস্তান শীর্ষ সম্মেলনের বহু ছবি টাঙানো রয়েছে টেবিলের পিছনের দেওয়ালে। এত দিন ভারত ও পাকিস্তান দুই দেশের পতাকাই টেবিলে রাখা ছিল। এখন স্রেফ ভারতের পতাকা।
সংবাদ সংস্থা