কৈলাস-মানস যাত্রা
}} ২০২০ সাল থেকে বন্ধ থাকার পরে কৈলাস-মানস সরোবর যাত্রা ফের শুরু হতে চলেছে। আগেই তা ঘোষণা করেছিল বিদেশ মন্ত্রক। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী জুন থেকে অগস্ট পর্যন্ত ভারতীয়েরা কৈলাস ও মানস সরোবর যেতে পারবেন! সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করার সুযোগ থাকছে। আবেদনকারীদের তথ্য যাচাইয়ের পরই মিলবে ছাড়পত্র। কৈলাস ও মানস সরোবর যাওয়ার দু’টি পথ খোলা থাকবে। সিকিমের নাথু লা এবং উত্তরাখণ্ডের লিপুলেখ পাসের মাধ্যমে ভারত থেকে তিব্বতে প্রবেশ করতেন ভারতীয় পর্যটক ও পুণ্যার্থীরা। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, নাথু লা পাস দিয়ে পর্যটকদের ১০টি দলকে অনুমতি দেওয়া হবে। প্রতি দলে থাকবেন ৫০ জন করে। আর লিপুলেখ পাসের মধ্যে দিয়ে যেতে পারবে এমনই পাঁচটি দল।
বিয়ে স্থগিত!
}} পাকিস্তানের সিন্ধু প্রদেশের কেশর কাঁওয়ারের সঙ্গে চার বছর আগে বাগদান হয়েছিল রাজস্থানের শয়তান সিংহের। তাঁদের বিয়ের তারিখ ৩০ এপ্রিল। সম্প্রতি শয়তানের পরিবারকে ভিসা দিয়েছিলেন পাকিস্তান কর্তৃপক্ষ। কিন্তু সেই বিয়ে ফের অনিশ্চিত হয়ে পড়ল। পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পরে ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ হয়ে গিয়েছে। সেখান দিয়ে পার হওয়ার উপায় নেই। ভিসার তো প্রশ্নই উঠছে না। শয়তান বলছেন, ‘‘চার বছর অপেক্ষার করে গত ১৮ এপ্রিল ভিসা পেয়েছিলাম আমরা।’’
উড়ান নির্দেশিকা
}} উড়ান সংস্থাগুলোর উদ্দেশে নির্দেশিকা জারি করল ডিজিসিএ। তারা জানিয়েছে, পাকিস্তানের আকাশপথ বন্ধ থাকার জন্য আন্তর্জাতিক উড়ানগুলির ক্ষেত্রে গন্তব্যে পৌঁছতে বেশি সময় লাগছে। এই অবস্থায় বিমান যাত্রীদের সঙ্গে যাতে যথাযথ যোগাযোগ রাখা হয় এবং তাঁদের খাবার-পানীয় প্রয়োজনমাফিক সরবরাহ করা হয়, সে বিষয়ে নজর রাখতে হবে সংস্থাগুলিকে।