সংসদে বিশেষ অধিবেশন চেয়ে আবেদন মুখ্যমন্ত্রীর
টোকিয়ো ও নয়াদিল্লি, ২৩ মে: ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বিশ্বব্যাপী প্রচারের ভাবনাকে সাধুবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের বিশ্বব্যাপী প্রচারের অংশ হিসেবে বিভিন্ন দেশে সফরকারী সর্বদলীয় প্রতিনিধিমণ্ডলীকে দেখে আমি আপ্লুত। আমি বার বার বলেছি, জাতীয় স্বার্থে এবং সার্বভৌমত্ব রক্ষায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সব সময়ে কেন্দ্রের পাশে রয়েছে।” তাঁর বক্তব্য, “প্রতিনিধিমণ্ডলী নিরাপদে ফিরে আসার পরে সংসদের বিশেষ অধিবেশন ডাকার জন্য সরকারকে অনুরোধ করছি। সাম্প্রতিক সংঘাত ও সংশ্লিষ্ট ঘটনাবলি সম্পর্কে এই মহান দেশের বাসিন্দাদেরই সবচেয়ে আগে জানার অধিকার রয়েছে।”
এই দলের সদস্য হিসেবে জাপানে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সফরের সময়ে টোকিয়োয় বিপ্লবী রাসবিহারী বসুর স্মৃতিস্তম্ভ সংস্কারের জন্য ভারতীয় রাষ্ট্রদূতের কাছে আর্জি জানালেন তিনি। শুক্রবার তিনি টোকিয়োয় রাসবিহারী ও বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিসৌধে গিয়ে শ্রদ্ধা জানান।
রাসবিহারীর স্মৃতিসৌধ সম্পর্কে অভিষেক এক্স হ্যান্ডলে লেখেন, ‘স্বাধীনতা সংগ্রামে তাঁর অগ্রণী ভূমিকার জন্য দেশ চিরকৃতজ্ঞ। তবে তাঁর স্মৃতিস্তম্ভটি এত অবহেলিত এবং জরাজীর্ণ অবস্থায় রয়েছে দেখে খুবই দুঃখ হচ্ছে।’ অভিষেক জানান, তাঁরা জাপান সফরের দ্বিতীয় দিনে সে দেশের আইনসভা ‘হাউস অব রিপ্রেজ়েন্টেটিভস’-এর স্পিকার ফুকুশিরো নাকুগা ও ভারত-জাপান সংসদীয় মৈত্রী লিগের চেয়ারম্যান ইয়াসুটোশি নিশিমুরার সঙ্গে দেখা করেছেন। বহু দশক ধরে ভারতের পাশে থাকার জন্য জাপানকে ধন্যবাদ জানান তাঁরা। ফুকুশিরোকে তাঁর পরবর্তী ভারত সফরের সময়ে পশ্চিমবঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছে। পরে সাংবাদিক বৈঠকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের ঐক্যবদ্ধ সংকল্পের কথা জানানো হয়েছে।
সংবাদ সংস্থা