ফের অভয়বার্তা দিলেন মমতা
পন্থকে তলব কমিশনের
নিজস্ব সংবাদদাতা
জাতীয় নির্বাচন কমিশনের সুপারিশ মতো ভোট-আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করেনি রাজ্য সরকার। বরং অন্তর্বর্তী অনুসন্ধান এবং দুই ভোট-কর্মীকে নির্বাচনী কাজ থেকে সরিয়ে দেওয়ার কথা লিখিত ভাবে কমিশনকে জানিয়েছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ। সোমবার সেই ঘটনার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে পাঠাল কমিশন। আজ, বুধবার বিকেল পাঁচটায় তাঁর হাজিরা দেওয়ার কথা। প্রশাসনিক সূত্রের দাবি, এই ডাকে সাড়া দেওয়ার কথা মুখ্যসচিবের। ঘটনাচক্রে মঙ্গলবারই জেলাশাসক এবং পুলিশ সুপারদের উদ্দেশে ফের অভয়বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিয়েছেন পাশে থাকার বার্তাও।
ভোটার তালিকায় গরমিলের অভিযোগে রাজ্যের চার আধিকারিককে নিলম্বিত (সাসপেন্ড) করতে বলেছিল কমিশন। তাঁদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের বিভাগীয় তদন্ত শুরুর পাশাপাশি, এফআইআর-ও দায়ের করতে বলা হয়েছিল। একজন ডেটা-এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও দায়ের করতে বলা হয়েছিল এফআইআর। সোমবার বিকেল তিনটের মধ্যে এই পদক্ষেপ করতে হত রাজ্যকে। তবে নবান্ন তার বদলে এক জন সহকারী ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং ডেটা-এন্ট্রি-অপারেটরকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেয়। ওই দিনই বাকিদের বিরুদ্ধে অন্তর্বর্তী অনুসন্ধান করে সেই রিপোর্ট পাঠানো হবে বলে কমিশনকে জানিয়েছিলেন মুখ্যসচিব। তার পরেই এ দিন পন্থকে কমিশন সরাসরি ডেকে পাঠিয়েছে বলে খবর।
বিশ্লেষকদের একাংশের মতে, নির্বাচনী কোনও কাজে পদক্ষেপ স্থির করে দেয় কমিশনই। তা মেনে কার্যকর করতে হয় রাজ্যকে। সেই পদক্ষেপ না হওয়াতেই সম্ভবত মুখ্যসচিবকে ডেকে পাঠানো হয়েছে।