পথে প্রধান শিক্ষকেরা
}} স্বচ্ছতার সঙ্গে এবং শূন্য পদে নিয়োগ, শিক্ষা-বহির্ভূত কাজ থেকে অব্যাহতি, মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং মাদ্রাসা শিক্ষা পর্ষদে নিয়মিত নির্বাচন-সহ একাধিক দাবি নিয়ে পথে নামলেন স্কুল ও হাই মাদ্রাসার প্রধান শিক্ষকেরা। মঙ্গলবার তাঁরা করুণাময়ীতে অবস্থান-বিক্ষোভ করেন। পরে বিকাশ ভবনে স্মারকলিপি দেন। ‘অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেস’-এর রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন, ‘‘আমাদের এখন স্কুলে কন্যাশ্রী, সবুজ সাথী, তরুণের স্বপ্ন-সহ নানা শিক্ষা-বহির্ভূত কাজ করতেই বেশি সময় ব্যয় হয়। আমরা চাই পড়ানোর কাজে ও স্কুল পরিচালনার কাজে ফিরতে।’’
বন্ধ রেড রোড
}} স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের মহড়ার জন্য আজ, বুধবার সকাল সাড়ে ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত রেড রোডে বন্ধ থাকবে যান চলাচল। এর জেরে কাজের দিনে যানজটের আশঙ্কা আছে মধ্য কলকাতার একাধিক রাস্তায়। লালবাজার জানিয়েছে, ভোর থেকে সব গাড়ি বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। তবে, পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায়, তার জন্য বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
মেট্রো পরিদর্শন
}} কলকাতার মেট্রো প্রকল্পগুলির অগ্রগতি সম্পর্কে রেল বোর্ডের তরফে খোঁজ নেওয়ার তৎপরতা বৃদ্ধি পাওয়ায় একাধিক মেট্রোপথ উদ্বোধন নিয়ে ফের জল্পনা ছড়িয়েছে। সোমবার রেল বোর্ডের তরফে ট্র্যাকশন ও রোলিং স্টক দেখার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ব্রজমোহন আগরওয়াল নোয়াপাড়া কারশেড ছাড়াও বিমানবন্দর পর্যন্ত মেট্রোপথ পরিদর্শন করেন। মঙ্গলবার রেল বোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার মেট্রো ভবনে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরে ইস্ট-ওয়েস্ট ছাড়াও নোয়াপাড়া-বিমানবন্দর ও বেলেঘাটা-রুবি মেট্রোপথ পরিদর্শন করেন তিনি। চেয়ারম্যান অবশ্য বিভিন্ন মেট্রোপথ উদ্বোধনের দিনক্ষণ নিয়ে মন্তব্য করেননি।
জালিয়াতি, ধৃত
}} ভুয়ো নথি দিয়ে সংস্থার অংশীদার হয়ে সেখানকারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক জনকে ধরেছে পাটুলি থানা। ধৃতের নাম সাহিদা আফরিন। পুলিশ জানায়, মে মাসে পাটুলির একটি সংস্থা অভিযোগ করে, ভুয়ো নথি দিয়ে সংস্থার অংশীদার হয়ে ব্যাঙ্ক থেকে প্রায় ২৩ লক্ষ টাকা তোলা হয়েছে। তদন্তে নেমে পাটুলি থানার ওসি তীর্থঙ্কর দে-র নেতৃত্বে একটি দল সংশ্লিষ্ট সংস্থার বিভিন্ন নথি খতিয়ে দেখতে শুরু করে। তাতেই সাহিদার নাম উঠে আসে।
শাস্তির দাবি
}} বারুইপুরে বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে থানায় গণ স্মারকলিপি দিলেন বাসিন্দারা। শনিবার বারুইপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের ১২৯ নম্বর বুথের বিজেপি সভাপতি রাজীব বিশ্বাসের অস্বাভাবিক মৃত্যু হয়। বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজীব বিজেপি করার অপরাধে তাঁর তৃণমূল সমর্থক বাবা ও ভাই তাঁকে পিটিয়ে মেরেছেন। শাসকদল অবশ্য বিষয়টি পারিবারিক বিবাদ বলে দাবি করে। রাজীবের পড়শিদের একাংশ এ দিন থানায় গণ স্মারকলিপি দেন। তাঁদের অভিযোগ, রাজীবের বাবা তৃণমূল নেতৃত্বের নাম করে হুমকি দিতেন।