বিনা যুদ্ধে নাহি দিব...
তা হলে দেব, না হৃতিক রোশন? বাংলা ছবি না হিন্দি... লড়াইটা কে জিতল? ছবি রিলিজ়ের আগে এমন প্রশ্ন অবান্তর মনে হতে পারে, কিন্তু ক্ষেত্রবিশেষে তফাত হয় বইকি! বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে দেব-শুভশ্রীর ‘ধূমকেতু’। একই দিনে আসছে হৃতিক রোশনের ‘ওয়র টু’। মঙ্গলবার পর্যন্ত পাওয়া হিসাব বলছে, ১৪ তারিখের অগ্রিম বুকিংয়ে ৪০ হাজার টিকিট বিক্রি হয়েছে ‘ধূমকেতু’র। সেখানে ‘ওয়র টু’র সারা দেশে ৫৫ হাজার টিকিট বিক্রি হয়েছে। খেয়াল রাখতে হবে, ‘ধূমকেতু’ শুধু এ রাজ্যেই মুক্তি পাচ্ছে। এই অঙ্ক থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে, বাংলায় এগিয়ে বাংলা ছবি।
‘ধূমকেতু’র ট্রেলার রিলিজ়ের দিনই আন্দাজ পাওয়া গিয়েছিল, কতটা উন্মাদনা রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিটি ঘিরে। আইনক্স-পিভিআরের একাধিক হলে সকাল ৭টা-৮টার শো রাখা হয়েছে, যেটা বাংলা ছবির জন্য থাকে না। এই ছবির ডিস্ট্রিবিউটর শতদীপ সাহা জানালেন, হিন্দি ছবির চেয়ে ‘ধূমকেতু’ অনেকটাই এগিয়ে রয়েছে। সকালবেলার শো পর্যন্ত হাউসফুল হয়ে গিয়েছে। বৃহস্পতিবারের রাত সাড়ে এগারোটার শো হাউসফুল যাচ্ছে। ছবি নিয়ে এই আগ্রহ কলকাতা, শহরতলি, গ্রাম সর্বত্রই রয়েছে। রায়গঞ্জের একটি সিনেমা হল যেমন বুধবার রাত আড়াইটের সময়ে শো রেখেছিল। সেটির টিকিট মুহূর্তে শেষ। দশ বছর আগের কোনও ছবি নিয়ে এই উন্মাদনা দৃষ্টান্তই বটে। এক সিনে পর্যবেক্ষকের মতে, ছবিটি প্রথম দিনে ২ কোটি টাকার বেশি ব্যবসা করতে পারে।
‘ধূমকেতু’ সফল হলে অনেক দিকে থেকেই ‘পাথ ব্রেকিং’ হয়ে থাকবে। মনে রাখতে হবে, রিলিজ়ের আগেই মোটা অঙ্কের বিনিময়ে ছবির বিশেষ স্বত্ব কিনে নিয়েছিলেন শতদীপ, যা বাংলা ছবির ক্ষেত্রে সাম্প্রতিক কালে ঘটেনি। শতদীপ বললেন, “আমার সিদ্ধান্তে যে ভুল ছিল না, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।”
হিন্দি ছবির ‘নো শো শেয়ারিং’-এর বিরোধিতা করে টলিউডের প্রযোজক-পরিচালকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন। তার পর স্থির হয়, এ রাজ্যের প্রতিটি হলে বাংলা ছবিকে অগ্রাধিকার দিতে হবে এবং প্রাইমটাইমে ৫০ শতাংশ শো বাংলা সিনেমা পাবে। এই সিদ্ধান্তের লাভ তুলতে পেরেছে ‘ধূমকেতু’।
‘ওয়র টু’-এর অ্যাডভান্স বুকিং মন্দ নয়। ওই দিনে মুক্তি পাচ্ছে রজনীকান্তের ‘কুলি’ও। কমসংখ্যক শো পেলেও, সেটির অগ্রিম বুকিং ভাল। তবে শেষ কথা বলবে কনটেন্ট এবং দর্শক। আপাতত সকলে তাকিয়ে ১৪-১৫ অগস্টের ব্যবসার দিকে। কারণ, তার পরেই স্থির হয়ে যাবে ‘ওয়র টু’ নাকি ‘ধূমকেতু’— কার শোয়ের সংখ্যা বাড়ছে বা কমছে।