ধোনির ১০০ কোটি টাকার মামলা
প্রায় ১০ বছর আগে করা মহেন্দ্র সিংহ ধোনির ১০০ কোটি টাকার মানহানির মামলা মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে শুনানি হতে চলেছে। আইপিএলে বেটিংয়ের সঙ্গে তাঁর নাম জড়ানোর জন্য এই মামলা। আদালতে পেশ করা হলফনামায় ধোনি জানিয়েছেন অক্টোবর ২০ থেকে ডিসেম্বর ১০ পর্যন্ত থাকতে পারবেন এই মামলার জন্য। ২০১৪ সালে ধোনি মামলা করে অভিযোগ করেছিলেন, ওই বছর ১১ ফেব্রুয়ারি থেকে তাঁর নাম প্রচার করা হচ্ছে বেটিং, ম্যাচ গড়াপেটা এবং স্পট ফিক্সিংয়ে জড়িয়ে। যা একেবারে মিথ্যে।
দু’নম্বরে দীপ্তি
আইসিসির মেয়েদের টি-টোয়েন্টির বোলিং তালিকায় দু’নম্বরে উঠে এলেন দীপ্তি শর্মা। তবে ওপেনার স্মৃতি মন্ধানা ব্যাটারদের তালিকায় দ্বিতীয় স্থানে নেমে গেলেন। পাকিস্তানের সাদিয়া ইকবালের সঙ্গে যুগ্ম ভাবে দু’নম্বরে আছেন দীপ্তি। তাঁর রেটিং পয়েন্ট ৭৩২। চার পয়েন্ট পিছিয়ে অস্ট্রেলিয়ার আনাবেল সাদারল্যান্ডের চেয়ে। ব্যাটারদের মধ্যে শীর্ষে ন্যাট শিভার ব্রান্ট (৭৩১)।
নজরে বিনি
রজার বিনি ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট পদে দায়িত্ব সামলে যাবেন, অন্তত সেপ্টেম্বরে বার্ষিক সাধারণ সভা পর্যন্ত। বোর্ডের একটি সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই। গত মাসে বিনি ৭০ বছর পূর্ণ করেছেন। জাতীয় ক্রীড়া বিল মঙ্গলবার পাশ হওয়ায় ৭৫ বছর পর্যন্ত বিনি প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন। তবে তা হতে পারে বোর্ডের রাজ্য সংস্থার সদস্যরা চাইলে।
মৃত্যু অ্যাথলিটের
চিনের চেংডুতে গরমের বলি ২৯ বছর বয়সি ইটালির অ্যাথলিট মাত্তিয়া দেবেরতোলিস। বিশ্ব ক্রীড়া প্রতিযোগতা চলাকালীন অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। চার দিন পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাত্তিয়া। ইটালির এই অ্যাথলিট অংশ নিয়েছিলেন ওরিয়েন্টিয়ারিং ইভেন্টে। ৩০ ডিগ্রি তাপমাত্রায় দৌড়ের সময় অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি।