নম্বর বিভাজন দিল মধ্যশিক্ষা পর্ষদ
}} ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পর্যায়ক্রমিক মূল্যায়নে স্বাস্থ্য ও শারীরশিক্ষার নম্বর বিভাজন জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। এক বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছে, স্বাস্থ্য ও শারীরশিক্ষার তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়নের যে নম্বর বিভাজন করা আছে, তা হলিস্টিক রিপোর্ট কার্ডে ঠিক ভাবে উল্লেখ করা হয়েছে। প্র্যাক্টিক্যাল এবং থিয়োরিতে কত নম্বর থাকবে, আলাদা ভাবে তা-ও বলা হয়েছে। হলিস্টিক রিপোর্ট কার্ডের ওই নম্বর বিভাজনই মেনে চলতে হবে। এর পাশাপাশি, কর্মশিক্ষার তিনটি পর্যায়ক্রমিক মূল্যায়নের নম্বর বিভাজনও দিয়েছে পর্ষদ। ‘শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ’-এর সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, ‘‘হলিস্টিক রিপোর্ট কার্ডে এই বিভাজন দেওয়া ছিল না। এত দিন পরে সেই সমস্যার সমাধান হল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এ বছর থেকে স্কুলগুলিকে কর্মশিক্ষার ক্ষেত্রে আলাদা ভাবে বই দেওয়া হয়েছে। তা হলে ওই বিষয়ে থিয়োরি এবং প্র্যাক্টিক্যালের নম্বর বিভাজন দেওয়া হল না কেন?’’
কুকুরছানাকে ‘খুন’
}} এলাকায় একটি কুকুরছানার দেহ পড়ে থাকার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার ঘটনাটি ঘটেছে নারায়ণপুরে। এই ঘটনায় স্থানীয় এক ব্যক্তি থানায় কুকুরছানাটিকে মেরে ফেলার অভিযোগ দায়ের করেছেন। তার ভিত্তিতে তদন্তে নেমে মহম্মদ রিয়াজ নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। কুকুরছানাটির দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি ওই এলাকায় একটি পথকুকুর কয়েকটি বাচ্চার জন্ম দিয়েছিল। বাসিন্দাদের অনেকে সেই কুকুরছানাগুলিকে খাবার দিতেন। তা নিয়ে এক যুবক আপত্তি তোলেন বলে অভিযোগ। এর পরেই বুধবার একটি কুকুরছানার দেহ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের সন্দেহ, তাকে মেরে ফেলা হয়েছে। সে দিনই এলাকার এক বাসিন্দা থানায় অভিযোগ জানান।
রাস্তা অবরোধ
}} রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার মানুষ। বারুইপুর ও ক্যানিংয়ের সংযোগস্থলে বেতবেড়িয়া ঘোলা স্টেশন থেকে ঢোসা সেতু পর্যন্ত রাস্তা দীর্ঘ দিন ধরে বেহাল। এই রাস্তা ধরে বারুইপুরের বেলেগাছি, ক্যানিংয়ের দাঁড়িয়া, হাটপুকুরিয়া, গোপালপুর পঞ্চায়েত এলাকার বহু মানুষ যাতায়াত করেন। কিন্তু বেহাল রাস্তার জেরে দুর্ভোগে পড়তে হচ্ছে তাঁদের। প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অভিযোগ, প্রশাসনকে বার বার বলেও কাজ হয়নি। প্রতিবাদে বৃহস্পতিবার রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন স্থানীয়েরা। বারুইপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শেষে স্থানীয় পুরপ্রতিনিধিরা ফোনে রাস্তা সংস্কারের আশ্বাস দিলে অবরোধ ওঠে।