পাঁচ শিকারে নায়ক হেনিল, দাপটেই জিতে শুরু ভারতের
নিজস্ব প্রতিবেদন
১৫ জানুয়ারি: আমেরিকার বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ছয় উইকেটে জিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অভিযান শুরু করল ভারত। প্রথম ম্যাচে রান পেলেন না বৈভব সূর্যবংশী। পাঁচ উইকেট নিয়ে জিম্বাবোয়ের বুলাওয়ায় ভারতের জয়ের নায়ক হেনিল পটেল।
টস জিতে আমেরিকাকে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক আয়ুষ মাত্রে। তাঁর সিদ্ধান্ত সঠিক প্রমাণিত করেন ভারতের বোলাররা। হেনিল পটেল, দীপেশ দেবেন্দ্রনদের দাপটে এক সময় ৩৯ রানে পাঁচ উইকেট চলে গিয়েছিল আমেরিকার। শেষ দিকে চারটি চারের সাহায্যে ৫২ বলে ৩৬ রান করেন নীতীশ সুদিনি। তাঁকে ফেরান বৈভব। বিধ্বংসী ছন্দে ছিলেন ডেল স্টেনের অন্ধ ভক্ত হেনিল। সাত ওভারে ১৬ রান দিয়ে তিনি নেন পাঁচ উইকেট। শেষ পর্যন্ত ৩৫.২ ওভারে ১০৭ রানে শেষ হয় আমেরিকার ইনিংস।
বৃষ্টির কারণে বৈভবদের ইনিংস শুরু হয় কিছুটা দেরিতে। আমেরিকার ১০৮ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মাত্র চার বলেই শেষ হয় বৈভবের ইনিংস। ২ রান করে ঋত্বিক আপ্পিডির বলে বোল্ড হয়ে ফিরতে হয় ভারতের বিস্ময় বালককে। পুল মারার সময়ে বলের লাইন পর্যন্ত বৈভব পৌঁছতে পারেনি। ব্যাটের কানায় লেগে সেই বল উইকেট ভেঙে দেয়। আউট হয়ে ফেরার সময়ে বৈভবের মুখের হতাশাই পুরো দৃশ্যটা বলে দিচ্ছিল।
চার ওভারে ভারতের স্কোর যখন ২১-১, সেই সময়ে খারাপ আলোর কারণে ফের বন্ধ হয়ে যায় খেলা। বারবার বৃষ্টিও ম্যাচে থাবা বসাচ্ছিল। শেষ পর্যন্ত ওভার কমে দাঁড়ায় ৩৭-এ। ভারতের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৯৬। ফের খেলা শুরু হওয়ার পরে সঙ্গে সঙ্গে ড্রেসিংরুমে ফেরেন বেদান্ত ত্রিবেদী (২) ও আয়ুষ (১৯)। ভারতের রান তখন ২৫-৩। ভারতীয় সমর্থকরা তখন আশা-আশঙ্কার দোলাচলে ভুগছেন। সেই অবস্থায় দলের হাল ধরেন উইকেটকিপার অভিজ্ঞান কুণ্ডু। একার হাতে তিনি দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যান। পাঁচটি চার ও একটি ছক্কার সাহায্যে ৪১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন। দলকে ছক্কা মেরে জেতান। চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছয় ভারত। শনিবার বিশ্বকাপে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ।
ম্যাচের সেরা হেনিল বলেছেন, “উইকেটে সুইং ছিল। ফুল লেংথে বল করার চেষ্টা করে সাফল্য পেয়েছি। স্টেনের আগ্রাসন আমার সবচেয়ে বেশি ভাল লাগে।”
সংক্ষিপ্ত স্কোর: আমেরিকা ৩৫.২ ওভারে ১০৭ (নীতীশ ৩৬, হেনিল ৫-১৭) বনাম ভারত ১৭.২ ওভারে ৯৯-৪ (অভিজ্ঞান ৪২ ন.আ.)। ডাকওয়ার্থ-লুইস নিয়মে জয়ী ভারত।
নজরে: ১৬ রান দিয়ে পাঁচ উইকেট হেনিলের। এক্স