জয়ী ভবানীপুর, ড্র ইস্টবেঙ্গলের
সিএবি আয়োজিত প্রথম ডিভিশন লিগের গ্রুপ এ-তে শ্যামবাজারের বিরুদ্ধে এক ইনিংস ও ২২ রানে জিতেছে ভবানীপুর ক্লাব। প্রথম ইনিংসে ভবানীপুর করেছিল ৩২৪। জবাবে শ্যামবাজারের ইনিংস শেষ হয় ১৪৬ রানে। ফলো-অন করতে নেমে দ্বিতীয় ইনিংসে শ্যামবাজারের ইনিংস শেষ হয় ১৫৬ রানে। অন্য ম্যাচে ইস্টবেঙ্গল ও এরিয়ান ড্র করেছে। প্রথম ইনিংসে ইস্টবেঙ্গলের ৩৩৬-৯ স্কোরের জবাবে এরিয়ান করে ১৯৩। দ্বিতীয় ইনিংসে ইস্টবেঙ্গলের স্কোর ১৯-০ থাকা অবস্থায় ম্যাচ অমীমাংসিত ঘোষণা করা হয়। দ্বিতীয় দিনের খেলার শেষে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে তপন মেমোরিয়াল এগিয়ে রয়েছে ৬২ রানে।
মাসের সেরা স্টার্ক
ডিসেম্বর মাসের জন্য আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মিচেল স্টার্ক। অ্যাশেজ় সিরিজ়ে দুরন্ত পারফরম্যান্সের জন্যই স্টার্ক এই পুরস্কার পেয়েছেন। বল হাতে ৩১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্রিসবেন ও অ্যাডিলেডে গুরুত্বপূর্ণ সময়ে অর্ধশতরান করে দলকে ভরসা যুগিয়েছিলেন স্টার্ক। তিনি বলেছেন, “আইসিসির মাসের সেরা ক্রিকেটার হতে পেরে গর্বিত। ঘরের মাঠে অ্যাশেজ় জয়ের পরে এই ট্রফি জেতার স্বাদই আলাদা।”
মশালবাহিনীর জয়
বৃহস্পতিবার যুবদের এলিট লিগের ডার্বিতে ২-০ গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়েছে ইস্টবেঙ্গল। প্রথমার্ধ গোলশূন্য থাকার পরে ৫৬ মিনিটে ১-০ করে চেসম ইয়াহিয়া। দ্বিতীয় গোল প্রীতম গাইনের। হারের পরেও ১৪ পয়েন্ট নিয়ে মোহনবাগান শীর্ষে।
প্রয়াত অজয় বর্মা
হৃদ্রোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ৬২ বছর বয়সে প্রয়াত হলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার অজয় বর্মা। এ দিন সকালে অসুস্থতা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীনই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্রিকেট থেকে অবসরের পরে কোচিংয়ে চলে আসেন অজয়। সিএবির ভিশন প্রোগ্রামের সঙ্গেও যুক্ত ছিলেন। তাঁর প্রয়াণে বঙ্গ ক্রিকেটে শোকের ছায়া।