দুরন্ত চুচৌ, চারে বর্ধমান
নিজস্ব সংবাদদাতা
বঙ্গ সুপার লিগে বৃহস্পতিবার দুরন্ত জয় ছিনিয়ে নিল বর্ধমান ব্লাস্টার্স। এফসি মেদিনীপুরকে তাদেরই ঘরের মাঠে সন্দীপ নন্দীর কোচিংয়ে বর্ধমান হারিয়েছে ৪-১ গোলে। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চারে বর্ধমান। শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই তারা জয় পেল।
এ দিন ৩ মিনিটে বর্ধমানকে এগিয়ে দেন ভাইলান্ট চুচৌ। মাত্র চার মিনিট পরেই মেদিনীপুরের হয়ে সমতা ফেরান ইয়াসিনাথ সাবির। ২৮ মিনিটে উজ্জ্বল হাওলাদারের গোলে ২-১ করে বর্ধমান। দ্বিতীয়ার্ধে মেদিনীপুরের ফুটবলারদের কার্যত খুঁজেই পাওয়া যায়নি। ৬৩ মিনিটে ৩-১ করেন বিজয় বাহাদুর গুরুং। চার মিনিট পরে নিজের দ্বিতীয় গোল করেন চুচৌ। তিনিই ম্যাচের সেরা।