হরলীনের দাপটে মুম্বইকে হারাল ইউপি
নিজস্ব প্রতিবেদন
১৫ জানুয়ারি: হরলীন দেওলের আগ্রাসী ইনিংসের সৌজন্যে বৃহস্পতিবার ডব্লিউপিএলের ম্যাচে মুম্বই ইন্ডিয়ানসকে সাত উইকেটে হারিয়ে দিল ইউপি ওয়ারিয়র্স। মুম্বইয়ের করা ১৬১ রান তিন উইকেট হারিয়ে, ১৮.১ ওভারে তুলে নিল ইউপি। হরলীন অপরাজিত থাকলেন ৩৯ বলে ৬৪ রান করে। তাঁর ব্যাট থেকে এসেছে ১২টি চার।
আগের ম্যাচেই মন্থর ব্যাটিংয়ের জন্য অবসৃত আউট হয়ে বেরিয়ে আসতে হয়েছিল হরলীনকে। এ দিন হরলীন বুঝিয়ে দিলেন, আগ্রাসী ইনিংস তিনিও খেলতে পারেন। খেলার পরে ম্যাচের সেরা হরলীন বলেছেন, ‘‘দলকে জেতাতে পেরে ভাল লাগছে। গত কালও আমি ভালই খেলছিলাম। কিন্তু ক্লোয়ি ট্রায়ন বড় শট খেলতে পারে। সেই কারণেই শেষের দিকে ওকে নামানো প্রয়োজন ছিল।’’
এ দিন নবি মুম্বইয়ের ডি ওয়াই পটেল স্টেডিয়ামে শুরুর দিকে রান ওঠার গতি ভাল ছিল না মুম্বইয়ের। শেষ পর্যন্ত মুম্বইকে ১৬১ রানে পৌছে দেন ন্যাট স্কিভার-ব্রান্ট। তাঁর সংগ্রহ ৪৩ বলে ৬৫ রান। তিনি মারেন ন’টি চার, একটি ছয়। এ দিন আমনজ্যোৎ কৌরকে দিয়ে ওপেন করায় মুম্বই। অধিনায়ক হরমনপ্রীত কৌর রান পাননি। ১১ বলে ১৬ রান করে ফিরে যান তিনি। ১৩ ওভারের মাথায় মুম্বইয়ের রান ছিল ৭৪। রান ওঠার গতি বাড়িয়ে দেন ন্যাট-স্কিভার। শেষ ১০ ওভারে ওঠে ১০৭ রান।
ম্যাচের পরে গুজরাত জায়ান্টসের অলরাউন্ডার সোফি ডিভাইন বলেছেন, ‘‘ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেটে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে স্থানীয় ক্রিকেটাররা। কারণ ওরা পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল।’’ যোগ করেছেন, “রেণুকা সিংহ খুবই ভাল বোলার। নতুন বলে হোক কী ডেথ ওভারে, ও দারুণ কার্যকর।’’
এ দিকে চলতি বছরে দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় ফিরছেন স্মৃতি মন্ধানা। তাঁকে খেলতে দেখা যাবে ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস দলের হয়ে।
সংক্ষিপ্ত স্কোর: মুম্বই ইন্ডিয়ানস ১৬১-৫ (ন্যাট স্কিভার-ব্রান্ট ৬৫, দীপ্তি শর্মা ১-৩১) বনাম ইউপি ওয়ারিয়র্স ১৬২-৩ (হরলীন ন.আ. ৬৪, ব্রান্ট ২-২৮)।
শাসন: ৩৯ বলে ৬৪ করে জেতালেন হরলীন।পিটিআই