‘সেবাশ্রয়’ শিবিরেও নিশানা শুভেন্দুকে
কেশব মান্না
নন্দীগ্রাম: এসেছিলেন তাঁর উদ্যোগে ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের উদ্বোধনে। তবে ঘটনাস্থল যেহেতু নন্দীগ্রাম, সে অনুষ্ঠানে স্থানীয় বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনও শুভেন্দুর বিরুদ্ধে অনুন্নয়নের অভিযোগ তুললেন, কখনও দাবি করলেন, আগামী দিনে এই স্বাস্থ্য শিবিরে ‘অধিকারীরাও’ আসবেন। পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু।
বৃহস্পতিবার থেকে শুভেন্দুর নির্বাচনী এলাকা নন্দীগ্রামের দু’টি ব্লকে শুরু হয়েছে ‘সেবাশ্রয়’। দু’টি শিবিরেরই উদ্বোধন হয় জমি আন্দোলনে নিহতদের পরিজনের হাতে। বেলা পৌনে ৩টে নাগাদ খোদামবাড়ির শিবিরে পৌঁছন অভিষেক। হেঁটে এলাকাবাসীর সঙ্গে জনসংযোগ সারেন। পরে আর একটি শিবিরেও যান।
শুভেন্দুকে অভিষেকের কটাক্ষ, “এখানকার বিধায়ক পাঁচ বছরে কী এনেছেন? উন্নয়নের খতিয়ান কোথায়? ১৯৫৬ (বিধানসভা ভোটে জয়ের ব্যবধান)-র কথা বলে বুক চাপড়ান। কিন্তু উনি কি ১৯টা রাস্তা করেছেন? মাথার উপরে ৫৬টা বাড়ি করে দিতে পেরেছেন?” সেবাশ্রয়ের খরচ নিয়ে শুভেন্দু যে প্রশ্ন তুলেছিলেন, অভিষেক সে প্রসঙ্গে বলেন, “হিসাব নেওয়ার তুমি কে? হিসাব নেবে আদালত। হিসাব নেবে আয়কর দফতর। যদি তোমার কোনও সমস্যা থাকে, তা হলে হাই কোর্টে যাও।” অভিষেকের আশ্বাস, প্রতি বছর নন্দীগ্রামের ১৭টি অঞ্চলে ১৭টি শিবির হবে। আর দু’টি ব্লকে ‘মডেল’ স্বাস্থ্য শিবির হবে।
সন্ধ্যায় কোলাঘাটে শুভেন্দু বলেন, “২০০৬ সালের ৩ নভেম্বর থেকে নন্দীগ্রামে সেবা দিয়ে আসছি। ওঁর (অভিষেক) উচিত ছিল, পিসি (মমতা বন্দ্যোপাধ্যায়)-র কাছ থেকে জেনে আসা। উনি আমাকে নিশানা করেই এই কর্মসূচি করেছেন।” শুভেন্দুর পাল্টা প্রশ্ন, “নন্দীগ্রামে হারলেও এক লক্ষের বেশি ভোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তা হলে আর কেন নন্দীগ্রামে আসেননি!”
নন্দীগ্রামে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে ‘শহিদ’ পরিবারের সদস্যদের সঙ্গে অভিষেক। ছবি: চন্দন বারিক