ফের পাক ড্রোন?
}} গত মঙ্গলবার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছিলেন, নিয়ন্ত্রণরেখায় ড্রোন ওড়ানো নিয়ে সতর্ক করা হয়েছে পাকিস্তানকে। তার পরেও বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চের নিয়ন্ত্রণরেখায় দেখা গেল সন্দেহজনক একটি উড়ন্ত বস্তুকে। সেনা সূত্রে খবর, এ দিন সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ দেগওয়ার এলাকায় ভারতীয় সেনার একটি চৌকির কাছে উড়তে দেখা যায় ওই বস্তুটিকে। সেনা প্রায় ৪০ রাউন্ড গুলি চালালেও সেটিকে ধ্বংস করা যায়নি। সন্দেহজনক ড্রোনটি বেশ কিছুক্ষণ ওড়ার পরে নিয়ন্ত্রণরেখার ও-পারে চলে যায়।
তিন নয়া প্রধান
}} কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র নতুন ডিজি হলেন রাকেশ আগরওয়াল। তাঁর পূর্বসূরি সদানন্দ দাতে সদ্য মহারাষ্ট্র পুলিশের ডিজি হয়েছেন। তাই এনআইএ-র বিশেষ ডিজি পদে থাকা রাকেশকেই এ বার সংস্থার ডিজি করা হল। বিএসএফের নতুন ডিজি হয়েছেন প্রবীণ কুমার। গত নভেম্বরে দলজিৎ সিংহ চৌধরির অবসর ইস্তক তিনি সীমান্তরক্ষী বাহিনীর ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন। হরিয়ানার প্রাক্তন ডিজি শত্রুজিৎ সিংহ কপূর ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর ডিজি হয়েছেন।
বিতর্কে আমির
}} বিএমসি নির্বাচনে ভোট দিতে গিয়ে মরাঠি বনাম হিন্দি ভাষার বিতর্কে জড়িয়ে পড়লেন অভিনেতা আমির খান। বৃহস্পতিবার ভোট দেওয়ার পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি মুম্বইবাসীদের পুর নির্বাচনে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান এবং ভোটগ্রহণ ব্যবস্থার প্রশংসা করেন। মরাঠি ভাষায় বক্তব্য রাখার সময়ে কয়েকটি সংবাদমাধ্যম তাঁকে হিন্দিতে কথা বলার জন্য অনুরোধ জানান। সেই সময়ে আমির বলেন, “হিন্দিতে? এটা মহারাষ্ট্র ভাই।” তখন এক জন সাংবাদিক তাঁকে বলেন, তাঁর বার্তা দিল্লিতেও প্রচারিত হবে।