সুপারহিরোর চরিত্রে সলমন
সুপারহিরো মানেই অতিমানবিক ক্ষমতা। তবে এ বার বড় পর্দায় এক ক্লান্ত, বয়স্ক, অবসর নিতে আগ্রহী সুপারহিরোর গল্প নিয়ে আসছেন সলমন খান। রাজ ও ডিকের পরিচালনায় একটি অ্যাকশন-কমেডি ছবি করবেন সলমন। শোনা যাচ্ছে, সে গল্পে সলমনকে দেখা যাবে এক ক্লান্ত সুপারহিরোর চরিত্রে। বয়স হচ্ছে তার। এ বার সে অবসর নিতে চায়। কিন্তু সমাজ ও দুনিয়াকে বাঁচাতে ফিরে আসতে হয় তাকে। এ ছবিতে থাকছে না কোনও আকর্ষক দৃশ্য, ভিএফএক্স। শোনা যাচ্ছে, তথাকথিত সুপারহিরো ছবির মতো বড় বাজেটে এ ছবি করতে আগ্রহী নন সলমন। সে কথা মাথায় রেখেই কম বাজেটে তৈরি হবে ছবিটি। নভেম্বর থেকে শুরু হচ্ছে ছবির কাজ। প্রযোজনার দায়িত্বে থাকছে মৈত্রী মুভি মেকার্স।
সলমন আপাতত ব্যস্ত ‘ব্যাটল অব গলওয়ান’-এর কাজে। অপূর্ব লাখিয়া পরিচালিত এ ছবির প্রযোজনার দায়িত্বেও রয়েছেন সলমন। ২০২০ সালে গলওয়ান উপত্যকায় ভারত-চিন যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এই ছবি। এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।