ওড়িশার বিরুদ্ধে আজ হয়তো নেই রবসন
নিজস্ব সংবাদদাতা
মোহনবাগান মাঠের দিকে যাওয়ার সময়ে ভেসে এল কথাগুলি— “রবসন নেই তো কী হয়েছে? দিমি (দিমিত্রি পেত্রাতস)-তো রয়েছে। শুক্রবারে দিমিই গোল করবে।”
জনৈক সমর্থকের কথাগুলি শুনলে নিশ্চিত ভাবেই মাঠে নামার আগেই তেতে থাকতেন দিমিত্রি পেত্রাতস। মহমেডানের বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে টান ধরায় ওড়িশার বিরুদ্ধে রবসন রবিনহো হয়তো নেই। বৃহস্পতিবার তিনি রিহ্যাব শুরু করেছেন। শেষ মুহূর্তে পরিবর্তন না হলে প্রথম একাদশে শুরু করবেন দিমিত্রি। বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্টের প্রধান কোচ সের্জিয়ো লোবেরার প্রাক্তন দল ওড়িশা। তিনি বলেছেন, “ওড়িশাকে হাল্কা ভাবে নিতে চাই না। তিন পয়েন্টই লক্ষ্য।”
এ দিকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারতের অন্যতম সেরা প্রাক্তন ডিফেন্ডার সুধীর কর্মকার। তবে এখন তিনি বিপন্মুক্ত।