ধর্নায় মমতা, যোগ রাজ্যপাল-প্রশ্নও
নিজস্ব সংবাদদাতা
ন্যায্য ভোটারের অধিকারের দাবিতে আজ, শুক্রবার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের ধর্না কর্মসূচির সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর নিয়ে তাঁর অভিযোগ ছিলই। ভোটের আগে তা আরও চড়া সুরে বাঁধতে মেট্রো চ্যানেলে এই ধর্না মঞ্চে তৃণমূল নেত্রীর সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
রাজনীতির মঞ্চে ভোটার তালিকা নিয়ে সংঘাতকে এ বার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাইছেন মমতা। গত তিন- চার মাস ধরে
এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ও বিজেপির সঙ্গে চলতে থাকা লড়াইকে আরও এক ধাপ এগিয়ে নিতে এই ধর্না কর্মসূচি শুরু করছেন মমতা। দলীয় সূত্রে খবর, এসআইআর নিয়ে বিরোধের পাশাপাশি বৃহস্পতিবার আচমকা রাজ্যপাল বদলের বিষয়টি নির্বাচনী আবহে বিশেষ মাত্রা যোগ করতে চলেছে। সে ক্ষেত্রে বৃহত্তর পরিস্থিতির কথা মাথায় রেখে পরবর্তী সময়ে এই মঞ্চ বহাল রাখার প্রস্তুতি রাখছে তৃণমূল। এসআইআর চলাকালীন রাজ্যের বিভিন্ন জায়গায় ১৬৫ জনের মৃত্যু হয়েছে বলে তৃণমূল যে অভিযোগ তুলছে,
তাঁদের পরিবারের লোকদেরও এই মঞ্চে উপস্থিত রাখার কথা রয়েছে। একই সঙ্গে যে জীবিত ভোটাররা তালিকায় মৃত বলে চিহ্নিত হয়েছেন, তাঁদেরও এই মঞ্চে হাজির করে কমিশনের বিরুদ্ধে তোলা দলের অভিযোগের প্রমাণ দিতে
চাইছে তৃণমূল।
এসআইআর-কে সামনে রেখে তৃণমূল বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও গিয়েছে। এই সংঘাতে ব্যতিক্রমী চমক তৈরি করে সর্বোচ্চ আদালতে সওয়াল করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এসআইআর নিয়ে কমিশন ও বিজেপির বিরুদ্ধে দল যে প্রচার চালিয়ে আসছে তা আরও জোরদার করতে ধর্না কর্মসূচির পরিকল্পনা করেছে তৃণমূল।