মনোনয়ন পাঁচ প্রার্থীর, রাজীবের মুখে টেরিজা
নিজস্ব সংবাদদাতা
রাজ্যসভার শূন্য পাঁচ আসনে মনোনয়ন জমা দিলেন তৃণমূল
কংগ্রেস ও বিজেপির প্রার্থীরা। স্ক্রুটিনিতে ত্রুটি ধরা
না-পড়লে তৃণমূলের রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, কোয়েল মল্লিক এবং বাবুল সুপ্রিয়ের মতো সাংসদ নির্বাচিত হবেন বিজেপির রাহুল সিন্হাও। স্ক্রুটিনির দিন
আজ, শুক্রবার।
এপ্রিলের গোড়ায় রাজ্যের পাঁচ সাংসদ সুব্রত বক্সী, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে, মৌসম বেনজির নূর এবং বিকাশরঞ্জন ভট্টাচার্যের মেয়াদ শেষ হচ্ছে। মৌসম আগেই রাজ্যসভার সদস্য পদে ইস্তফা দিয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন। দলগত বিধায়ক-সংখ্যার শক্তিতে এ বার তৃণমূলের চার ও বিজেপির এক সাংসদ রাজ্যসভায় নির্বাচিত হচ্ছেন। রাজ্যসভা ভোটের রিটার্নিং অফিসার হিসেবে বিধানসভার সচিবারে কাছে বৃহস্পতিবার পাঁচ প্রার্থীই মনোনয়ন জমা দিয়েছেন। মনোয়ন জমা দিয়ে নতুন ভূমিকা সম্পর্কে প্রাক্তন পুলিশ-কর্তা রাজীব বলেছেন, ‘‘মাদার টেরিজার একটি উক্তি আছে। তাঁকে উদ্ধৃত করেই বলছি, আমার বিশ্বাস, ঈশ্বর এমন কাজ আমাকে দেবেন
না, যা আমি পারব না।’’ আইনজীবী মেনকা বলেন, “এ আমার কাছে বড় সম্মানের। এক জন সংবিধান বিষয়ক আইনজীবী হিসাবে সংসদের উচ্চ কক্ষে যাওয়ার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। আইন প্রণয়নে উচ্চ কক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’’ মেনকার সঙ্গিনী অরূন্ধতী কাটজুও এ দিন উপস্থিত ছিলেন। গুরুদায়িত্ব পালনের সুযোগ দেওয়ার জন্য তৃণমূলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন কোয়েল ও বাবুলও। মন্ত্রী অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, সরকার পক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ উপস্থিতি ছিলেন মনোনয়ন জমা দেওয়ার সময়ে।
বিজেপি প্রার্থী হিসেবে এ দিন মনোয়ন জমা দিয়েছেন বিজেপি নেতা রাহুলও। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল
একাধিক বার লোকসভা ও
বিধানসভা ভোটে প্রার্থী হয়েছেন। সূত্রের খবর, মনোনয়ন জমা দিলেও তাঁর কাগজপত্র সম্পূর্ণ করতে হবে আজ স্ক্রুটিনি শুরুর আগে। দলের একমাত্র প্রার্থীর মনোয়ন উপলক্ষে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।