ভি-র বকেয়া কমতে পারে ৬৫% পর্যন্ত
}} ভোডাফোন-আইডিয়ার (ভি) পাহাড়প্রমাণ বকেয়া অনেকটা কমে যেতে পারে বলে খবর সূত্রের। বৃহস্পতিবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছে, ভি-এর মূল বকেয়ার ৬০%-৬৫% পর্যন্ত কমার পরামর্শ দিতে পারে টেলিকম বিভাগের (ডট) তৈরি বিশেষ কমিটি। ৩১ মার্চের মধ্যে সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার কথা তাদের। ভি-র এই খবরে এ দিন সংস্থার শেয়ার দর ১% উঠেছে। উল্লেখ্য, সরকারের কাছে স্পেকট্রাম বাবদ সংস্থার বকেয়া ৮৯ হাজার কোটি টাকার বেশি। জরিমানা ও সুদ মিলিয়ে এই অঙ্ক প্রায় ২ লক্ষ কোটি। তবে সূত্রের দাবি, এয়ারটেল ও টাটা টেলিকমের বকেয়া মকুবের আর্জি নিয়ে আইনি পরামর্শ চেয়েছে ডট।
উঠল শেয়ার, টাকা
}} এখনকার পড়তি বাজার ভাল শেয়ার কেনার সুযোগ— লগ্নিকারীদের একাংশের এই মনোভাবই বৃহস্পতিবার ভারতের বাজারকে খাদ থেকে টেনে তুলেছে বলে দাবি বিশেষজ্ঞদের। একাংশের মতে, ভারতের জন্য ইরানের কিছুটা নরম বার্তাও লগ্নিকারীদের প্রত্যাশা বাড়িয়েছে। যে কারণে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে শেয়ার সূচক সেনসেক্স, নিফ্টি। এ দিন সেনসেক্স ৮৯৯.৭১ পয়েন্ট বেড়ে ৮০,০১৫.৯০ অঙ্কে থিতু হয়। নিফ্টি ২৮৫.৪০ উঠে দিন শেষ করে ২৪,৭৬৫.৯০-এ। অন্য দিকে, কিছুটা চাঙ্গা হয়েছে ভারতীয় মুদ্রাও। ৪১ পয়সা পড়ে এক ডলার হয়েছে ৯১.৬৪ টাকা।