রোম্যান্সে ফিরছেন শাহরুখ
পরপর অ্যাকশন করে এ বার রোম্যান্টিক জ়ঁরেই ফিরতে চলেছেন শাহরুখ খান। অনেক দিন ধরে শোনা যাচ্ছিল, ফারহা খানের পরবর্তী ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে শাহরুখকে। ফারহা ‘ম্যায় হুঁ না টু’-র পরিকল্পনা করছেন, এটি মূলত প্রেমকাহিনি। এই ছবিতে দ্বৈত চরিত্রে থাকার কথা শাহরুখের।
তবে আর একটি বড় বাজেটের ছবির প্রস্তাবও এসেছে অভিনেতার কাছে। প্রেমিকপ্রবরের যে ভাবমূর্তি ছিল শাহরুখের, সেটাই আবার এই ছবির মাধ্যমে ফিরবে বলে মনে করা হচ্ছে। পরিণত বয়সের প্রেমের গল্প নিয়ে বোনা হয়েছে এ ছবির চিত্রনাট্য। পরিচালনায় কে থাকছেন, তা অবশ্য এখনও প্রকাশ্যে আসেনি। এ বছরের ক্রিসমাসে অভিনতার ‘কিং’ মুক্তি পাওয়ার কথা। এই ছবি দিয়ে শাহরুখ-কন্যা সুহানা খানের বড় পর্দায় অভিষেক হবে। আগামী বছরের গোড়ার দিকেই পরবর্তী ছবির শুট শুরু করবেন শাহরুখ। তবে সেটি ফারহার ছবির সিকুয়েল নাকি নতুন প্রেমের গল্প, তা এখনও স্পষ্ট নয়।