নেতৃত্বে রাহানেই, চিন্তার নাম হর্ষিত
নিজস্ব সংবাদদাতা
অজিঙ্ক রাহানেকেই অধিনায়ক রেখে দিল কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবারই কলকাতায় এলেন রাহানে-সহ কেকেআরের অনেক ক্রিকেটার। আর এ দিনই সরকারি ভাবে ঘোষণা হয়ে গেল অধিনায়কের নাম।
ছোট নিলামে বেশ কিছু নতুন ক্রিকেটার কিনেছিল নাইট রাইডার্স। কিন্তু সব চেয়ে েবশি আগ্রহ ছিল কে অধিনায়ক হবেন, তা নিয়ে। রাহানের সঙ্গে নাম উঠছিল অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের, যাঁকে রেকর্ড ২৫.২০ কোটি টাকায় (বিদেশিদের মধ্যে আইপিএলের ইতিহাসে সব চেয়ে দামি) কিনেছিল কেকেআর। শেষে কিন্তু তারুণ্যের চেয়ে অভিজ্ঞতাকেই বেশি প্রাধান্য দেওয়া হল। মঙ্গলবার বিকেলে কলকাতায় পৌঁছে গেলেন জ়িম্বাবোয়ের ব্লেসিং মুজ়ারাবানি, সার্থক রঞ্জন, আকাশ দীপ, প্রশান্ত সোলাঙ্কিরা। বুধবার ইডেনে অনুশীলন শুরু করবে কেকেআর।
নিউ জ়িল্যান্ড থেকে ফিন অ্যালেন, টিম সেইফার্টরাও দু’একদিনের মধ্যেই এসে যাবেন। তবে ছোট নিলামে ঘর ভাল ভাবে গুছিয়ে নিতে পারলেও কেকেআরের উদ্বেগ এখন পেস বোলিং বিভাগ। হর্ষিত রানা পুরো আইপিএল থেকে ছিটকে যান কি না, সেই আতঙ্ক তৈরি হয়েছে। হর্ষিত ভারতীয় বোর্ডের পুরস্কার অনুষ্ঠানে ক্রাচে ভর দিয়ে এসেছিলেন। পুরস্কার নিতে তিনি মঞ্চ পর্যন্ত যেতে পারেননি। তাঁর কাছে এসে পুরস্কার তুলে দিতে হয়। তা দেখে আরওই উদ্বেগ বেড়েছে যে, আইপিএলের বেশির ভাগটাই হয়তো হর্ষিতকে ছাড়াই চালাতে হবে শাহরুখ খানের দলকে।
নাইটদের পেস বোলিংকে এ বার খুব শক্তিশালী বলে ধরা হচ্ছিল। আচমকাই ছবিটা পাল্টে গেল। হর্ষিত অনিশ্চিত, মুস্তাফিজ়ুর রহমানকে ছাড়তে হয়েছে ভারতীয় বোর্ডের কথায়। শ্রীলঙ্কার মাথিশা পাথিরানাও চোট পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। নাইটদের প্রথম ম্যাচ মুম্বইয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২৯ মার্চ। দেখতে হবে পাথিরানা তার আগে পুরোপুরি ফিট হন কি না। হাতে ফিট পেসার বলতে এখন তিন ভারতীয়— বৈভব অরোরা, আকাশ দীপ, উমরান মালিক। সঙ্গে জ়িম্বাবোয়ের মুজ়ারাবানি, যাঁর বিরুদ্ধে পাকিস্তান বোর্ড চুক্তিভঙ্গের অভিযোগ তুলেছে। সঙ্গত করার জন্য থাকছে অস্ট্রেলীয় অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের ওভার। যা অবস্থা, নাইটদের বোলিং এ বারও সেই নারাইন-বরুণ স্পিন জুটি নির্ভর।
আস্থা: প্রস্তুতিতে যোগ দিতে কলকাতায় রাহানে। ছবি: সুদীপ ঘোষ