হেজ়্লউড, কামিন্সকে নিয়ে সংশয়
নিজস্ব প্রতিবেদন
১৭ মার্চ: অস্ট্রেলিয়ার দুই অভিজ্ঞ পেসারকে নিয়ে অনিশ্চয়তার মেঘ তৈরি হয়েছে আইপিএলের আকাশে। জানা যাচ্ছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার জশ হেজ়লউডকে হয়তো প্রথম দু’ম্যাচে পাবেন না বিরাট কোহলিরা। একই পরিস্থিতি তৈরি হয়েছে সানরাইজ়ার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্সকে ঘিরেও।
চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি তাঁর। আইপিএলের প্রথম দিকের কয়েকটি ম্যাচেও কামিন্সকে পাচ্ছে না সানরাইজ়ার্স। তাঁর জায়গায় অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ভারতের দুই বিশ্বকাপজয়ী ক্রিকেটার— ঈশান কিষন ও অভিষেক শর্মা। ঈশানের অভিজ্ঞতা বেশি, রাজ্য দল ঝাড়খণ্ডকেও নেতৃত্ব দিয়েছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফি জিতিয়েছেন রাজ্যকে। ফলে ঈশানই দৌড়ে এগিয়ে বলে মনে করা হচ্ছে।
সানরাইজ়ার্স কর্তৃপক্ষ এ ব্যাপারে আলোচনাও করেছেন। দ্রুত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিশ্বকাপে দুরন্ত ব্যাটিং করেছেন ঈশান। ন’টি ম্যাচে করেছেন ৩১৭ রান। ওপেনিং এবং তিন নম্বর, দুই জায়গাতেই সাবলীল ছিলেন। হায়দরাবাদের হয়েও তিনি তিন নম্বরে খেলেন।
আইপিএলের শুরুর আগে ধাক্কা খেল গত বারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও। প্রথম কয়েকটা ম্যাচে বিরাট কোহলিরা পাবেন না পেস বোলার জশ হেজ়্লউডকে। চোটের জন্য দীর্ঘদিন ক্রিকেটের বাইরে আছেন হেজ়্লউড। অস্ট্রেলীয় প্রচারমাধ্যমের খবর, আরও কিছু দিন বাইরেই থাকতে হবে তাঁকে। হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন এই পেসার। শোনা যাচ্ছে, আরসিবি-র প্রথম দু’টি ম্যাচে খেলা হবে না তাঁর। সে ক্ষেত্রে এপ্রিলের মাঝামাঝির আগে মাঠে ফিরতে পারবেন না তিনি। যদি তাই হয়, তা হলে প্রায় পাঁচ মাস মাঠের বাইরে কাটাতে হবে হেজ়্লউডকে।