ইরানের ম্যাচ মেক্সিকোয় করায় সায় নেই ফিফার
নিজস্ব প্রতিবেদন
১৭ মার্চ: আমেরিকার সঙ্গে তাদের যুদ্ধের কারণে সে দেশে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ খেলতে যেতে চাইছে না ইরান। মেক্সিকোয় তাদের সব ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ
করেছে ফিফাকে।
ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহদি তাজ জানিয়েছেন, আমেরিকা নিরাপত্তা দিতে পারবে না ইরানকে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু’দিন আগেই সরকারি ভাবে তা ঘোষণা করেছেন। ফলে আমেরিকায় বিশ্বকাপ খেলতে যাওয়ার কোনও প্রশ্নই নেই। তিনি বলেছেন, ‘‘ট্রাম্প তো আগের দিন বলেই দিয়েছে যে আমেরিকা নিরাপত্তা দিতে পারবে না। সে দেশে বিশ্বকাপ খেলতে যাওয়ার কোনও প্রশ্নই নেই। আমরা ফিফার সঙ্গে এ বিষয়ে আলোচনা করছি। আমাদের সব ম্যাচ মেক্সিকোয় সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ করেছি।’’
১১ জুন থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। আমেরিকায় গ্রুপ পর্বের ম্যাচ খেলার কথা ইরানের। কিন্তু ট্রাম্প দু’দিন আগেই জানিয়েছেন, ইরানকে স্বাগত। কিন্তু ফুটবলারেরা কি এ দেশে নিরাপদ থাকবে? প্রায় হুমকির সুরেই এই কথা বলেছেন ট্রাম্প। যা শোনার পর থেকেই মেক্সিকোয় ম্যাচ খেলার অনুরোধ করেছে ইরান।
তবে ফিফা ইরানের এই প্রস্তাব উড়িয়ে দিয়েছে। ফিফার তরফ থেকে জানানো হয়েছে, ‘‘২০২৬ ফিফা বিশ্বকাপ আয়োজন নিয়ে আমরা অংশ নেওয়া সদস্য জাতীয় ফুটবল সংস্থাদের সঙ্গে যোগাযোগ রাখছি। এর মধ্যে ইরানও রয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী অংশ নেওয়া দলগুলিকে খেলতে হবে।’’
বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, ইরানের বিশ্বকাপের ম্যাচগুলি মেক্সিকোয় সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নানা সমস্যার মুখে পড়তে হবে ফিফাকে। সঙ্গে বিশ্বকাপে অংশ নেওয়া অন্য দলগুলিকেও। বাণিজ্যিক দিক থেকেও ক্ষতির মুখে পড়তে হবে। কারণ ইতিমধ্যেই বিশ্বকাপের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তা ছাড়া সম্প্রচার এবং স্পনসরদের সঙ্গে চুক্তিও সারা হয়ে গিয়েছে। এখন ইরানের ম্যাচ মেক্সিকোয় সরিয়ে নিয়ে যাওয়ার মতো কোনও পরিবর্তন করলে সমস্যা হবে।
তবে ফিফা এখনও ইরানকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ৩০ এপ্রিল ফিফার বৈঠক রয়েছে ভ্যাঙ্কুভারে। সেখানেই ফিফা হয়তো ইরানকে নিয়ে চূড়ান্ত অবস্থান জানাবে।