বিশ্বকাপে খেলার স্বপ্ন ছাড়ছেন না নেমার
নিজস্ব প্রতিবেদন
১৭ মার্চ: বিশ্বকাপের আগে দু’টি ফ্রেন্ডলি ম্যাচের একটিতেও সুযোগ দেওয়া হয়নি তাঁকে। ব্রাজিলের ২৬ জনের দল থেকে বাদ পড়েছেন তিনি। তবুও বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর তিনি। এখনই হাল ছেড়ে দিতে নারাজ। তিনি ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়র।
২৬ ও ৩১ মার্চ আমেরিকায় দু’টি ফ্রেন্ডলি ম্যাচে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে ব্রাজিল। কার্লো আনচেলোত্তি নেমারকে বাইরে রেখেই দল ঘোষণা করেছেন। যা হতাশ করেছে ব্রাজিলীয় মহাতারকাকে। কিন্তু তিনি হাল ছাড়তে নারাজ।
নেমার বলেছেন, ‘‘জাতীয় দলে ডাক না পেয়ে আমি প্রচণ্ড হতাশ। কিন্তু বাদ পড়ে তো আর চুপ করে বসে থাকতে পারি না।’’ তিনি যোগ করেছেন, ‘‘লক্ষ্য থেকে এক পাও নড়ছি না। প্রত্যেক দিন একই লক্ষ্য নিয়ে অনুশীলনে নামি। আমাকে সেই লক্ষ্যে পৌঁছতেই হবে।’’
নেমারকে বলা হয়, বিশ্বকাপের আগে ব্রাজিল এই দু’টি ফ্রেন্ডলিই খেলবে। সে দলে সুযোগ না পাওয়া মানে তো বিশ্বকাপের দরজাও বন্ধ? কিন্তু নেমারের উত্তর, ‘‘এখনও বিশ্বকাপের মূল দল ঘোষণা হয়নি। আমার স্বপ্নও তাই শেষ হয়নি। আমার ভক্তেরাও চায় আমি জাতীয় দলে ফিরি। তাঁদের জন্য এই লড়াই
জারি থাকবে।’’
কিন্তু কেন বাদ দেওয়া হল নেমারকে? হাঁটুর চোট সারিয়ে প্রত্যাবর্তনের পরে নেমারের শারীরিক সক্ষমতা নিয়েই যত প্রশ্ন। ২০২৩ সালের অক্টোবরে চোট লাগার পর থেকে ধারাবাহিক ভাবে তিনি ম্যাচে খেলতে পারছেন না। যদিও নেমার সম্প্রতি কোরিন্থিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে ৯০ মিনিট খেলেছেন। ব্রাজিলের কোচিং স্টাফ বেশি জোর দিচ্ছেন শারীরিক সক্ষমতার দিক থেকে এগিয়ে থাকা ফুটবলারদের উপরে। কারণ কম সময়ের মধ্যে সাতটি ম্যাচ খেলতে হতে পারে বিশ্বকাপে। ব্রাজিলের কোচ আনচেলোত্তিও পরিষ্কার করে দিয়েছেন, নেমারের অনুপস্থিতি ফিটনেসের জন্যই। তিনি বলেছেন, ‘‘নেমার ১০০ শতাংশ ফিট নয়। তাই তালিকায় ওর নাম নেই।’’
তবে নেমারের এ বারের বিশ্বকাপে নামার সম্ভাবনা উড়িয়ে দেননি আনচেলোত্তি। বলেছেন, ‘‘যদি নেমার পুরোপুরি সুস্থ হয়ে ওঠে তা হলে বিশ্বকাপে খেলতে পারে। তবে নিজের ফিটনেস নিয়ে আরও পরিশ্রম করতে হবে। সঙ্গে শারীরিক সক্ষমতার দিক থেকেও ভাল জায়গায় থাকতে হবে।’’
নজরে: নেমারকে এই জার্সিতে বিশ্বকাপে দেখা যাবে? ফাইল চিত্র