মরণ-বাঁচন ম্যাচ ইয়ামালদের, গোলরক্ষক-সমস্যায় বায়ার্ন
নিজস্ব প্রতিবেদন
১৭ মার্চ: আটলান্টাকে প্রথম পর্বের দ্বৈরথে ৬-১ হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে কার্যত পৌঁছে গিয়েছে বায়ার্ন মিউনিখ। বার্সেলোনা ও লিভারপুলের লক্ষ্য কি পূরণ হবে?
নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম পর্বে পিছিয়ে পড়ে কোনও মতে হার বাঁচিয়েছিল বার্সা। ৮৬ মিনিটে হার্ভে বার্নসের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ডের ক্লাব। সংযুক্ত সময়ে পেনাল্টি থেকে গোল করে মানরক্ষা করেছিলেন লামিনে ইয়ামাল। ম্যাচের পরে হতাশ বার্সা ম্যানেজার হান্সি ফ্লিক বলেছিলেন, ‘‘আমরা একেবারেই ভাল খেলতে পারিনি। বল পেলেও প্রতিপক্ষের পায়ে তুলে দিয়েছি। আমাদের অসংখ্য শিশুসুলভ ভুলের মূল্য দিতে হয়েছে।”
লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে ৫-২ জয়ের পরেই ফুটবলারদের সতর্ক করে দিয়ে ফ্লিক বলেছেন, ‘‘আমরা মাঝেমধ্যে সেই দৃঢ়তা বা প্রত্যয় নিয়ে খেলতে পারিনি। নিউক্যাসলের বিরুদ্ধে এই ম্যাচে ১০০ শতাংশ উজাড় করে দিতে না পারলে আমরা চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাব। এই কারণেই আমাদের খেলার মানের আরও উন্নতি দরকার।’’ কী উন্নতি? বার্সা চাণক্যের ব্যাখ্যা, ‘‘ম্যাচের মধ্যে এমন কিছু পরিস্থিতি তৈরি হচ্ছে যা চিন্তায় রাখছে। আমাদের খেলার গতি আরও বাড়াতে হবে। কারণ, নিউক্যাসল শক্তিশালী দল।’’
নিউক্যাসলের বিরুদ্ধে মরণ-বাঁচন দ্বৈরথের আগে বার্সা শিবিরে স্বস্তির খবর, ইয়ামাল সম্পূর্ণ সুস্থ। অসুস্থতার কারণে সেভিয়ার বিরুদ্ধে তাঁকে প্রথম একাদশে রাখেননি ফ্লিক। স্পেনীয় সংবাদমাধ্যমের দাবি, বুধবার রাতে শুরু থেকেই খেলবেন ইয়ামাল। সেভিয়ার বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক করা রাফিনহার সঙ্গে ইয়ামাল শুরু থেকে খেললে আক্রমণের ঝাঁঝ বাড়বে বার্সার। তবে চোটের কারণে জুল কুন্দে, ফ্যাঙ্কি দে ইয়ং, আলেসান্দ্রো বালদে এবং আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন খেলতে পারবেন না। বার্সার চেয়েও কঠিন পরিস্থিতিতে লিভারপুল। কারণ, প্রথম পর্বে গালাতাসারের বিরুদ্ধে ০-১ হেরে গিয়েছিল ইংল্যান্ডের ক্লাব।
শেষ আটে প্রায় পৌঁছে গেলেও বুধবার রাতে ঘরের মাঠে আটলান্টার বিরুদ্ধে দ্বিতীয় পর্বের দ্বৈরথের আগে অদ্ভুত সমস্যায় বায়ার্ন। চোটের কারণে মূল দলের তিন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার, সভেন উলরাইখ ও জোনাস উরবিগ খেলতে পারবেন না। পরিস্থিতি সামলাতে যুব দলের ১৬ বছর বয়সি গোলরক্ষ লিয়োনার্ডক প্রেসকটই এখন ভরসা বায়ার্নের। বুধবার রাতে ফুটবলপ্রেমীদের নজর থাকবে টটেনহ্যাম হটস্পার বনাম আতলেতিকো দে মাদ্রিদ ম্যাচেও।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে: বার্সেলোনা বনাম নিউক্যাসল (রাত ১১.১৫), লিভারপুল বনাম গালাতাসারে (রাত ১.৩০), বায়ার্ন বনাম আটলান্টা (রাত ১.৩০), টটেনহ্যাম বনাম আতলেতিকো দে মাদ্রিদ (রাত ১.৩০)। সব ম্যাচের সম্প্রচার সোনি স্পোর্টস নেটওয়ার্কে।
ভরসা: ফিট ইয়ামাল শুরু থেকেই খেলতে পারেন। (ডান দিকে) লিভারপুল তাকিয়ে সালাহর দিকে। ফাইল চিত্র
মহড়া: লিভারপুল তাকিয়ে সালাহর দিকে। ফাইল চিত্র